বদলে যাওয়া নাঈমের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫৩ মিনিট। ২৫৫ বল। ১০৮ রান। নাঈম ইসলাম। কিছুদিন আগেও এমন সব সংখ্যার সঙ্গে নামটার সহাবস্থান অবিশ্বাস্য ছিল। নাঈম ইসলাম হচ্ছেন ‘ছক্কা নাঈম’। ছয় বলেই ছয় ছক্কা না হোক, ব্যাটিং হবে ধুন্ধুমার। তিনি কেন ৫ ঘণ্টা ৫৩ মিনিট ক্রিজে থাকবেন? ১০৮ রানের ইনিংসে মারবেন না একটা ছক্কাও!সুযোগ পেলেই ছক্কা হাঁকাতেন বলে সতীর্থরা নাম দিয়েছিলেন ‘ছক্কা নাঈম’। বছর তিনেক আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই নামের সার্থকতাও প্রমাণ করলেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে মার্শাল আইয়ুবের এক ওভারে মারলেন ছয় ছক্কা। হালকা-পাতলা গড়নের নাঈম এরপর আর কখনোই ছক্কার ও রকম প্রদর্শনী দেখাতে পারেননি, তবুও নামটা থেকে গেল।জাতীয় দলে এসে শুরুর দিকে সাত-আটে ব্যাট করতেন। ও রকম জায়গায় নামলে পরিস্থিতির দাবিই থাকে চালিয়ে খেলা। নাঈম সেটাই করে পরিচিত হয়েছেন মারকুটে ব্যাটসম্যান হিসেবে। অবশ্য ‘ছক্কা নাঈম’ নামটা ছড়িয়ে পড়ার সময়ও তিনি অস্ফুট স্বরে অনেকবার বলতে চেয়েছেন, ‘আমি কিন্তু অন্য ব্যাটিংও পারি। ছক্কা মারতে যাই পরিস্থিতির দাবিতে।’নাঈমের অন্য ব্যাটিং দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। গত প্রিমিয়ার লিগে, ‘এ’ দলের হয়ে ভারত সফর বা ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে এবং চলমান জাতীয় লিগে টানা দুই ম্যাচের সেঞ্চুরিতেও দেখা গেছে তাঁর বদলে যাওয়া ব্যাটিং। প্রিমিয়ার লিগের আগে ব্যাটিং নিয়ে করা কিছু কাজই এনেছে এই বদল, ‘কিছু শট নিয়ে কাজ করেছি। আগে ব্যাকফুট ড্রাইভ ভালো পারতাম না। কাটগুলো মনের মতো হতো না। চেষ্টা করেছি এগুলো ঠিক করতে। প্রিমিয়ার লিগে এর ভালো ফল পেয়েছি।’নাঈম যতই বলুন, দীর্ঘ পরিসরের ক্রিকেটে সব সময় অন্য রকম খেলার চেষ্টা করেন, ব্যাটিংয়ের পরিবর্তনটা বেশি করে চোখে পড়তে শুরু করে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়ার পর থেকে। এখন আর নিজের গেম প্ল্যানের বাইরে খেলেন না। কাল দিন শেষের সংবাদ সম্মেলনেও বললেন, ‘কিছু শট বেছে নিই, যার বাইরে খেলি না। পেস বলে যেমন ড্রাইভ খেলি বা পায়ের ওপরে আসা বলগুলো খেলি। স্পিন বলে ড্রাইভ-কাট খেলতে চাই। স্ট্রোক খেলব আমার জোনে বল পেলে। না পেলে খেলব না।’পরিবর্তনের একটা কারণ জাতীয় দলের এই খোলা এই বন্ধ হওয়া দরজাটা পুরোপুরি খুলে রাখা। ঘরোয়া ক্রিকেটে আগেও ওপরে ব্যাট করেছেন। শুরুতে জাতীয় দলেও চেয়েছিলেন ওপরে খেলতে, ‘সব ব্যাটসম্যানই চায় ওপরে ব্যাটিং করতে। আমারও ওই ইচ্ছা ছিল। কিন্তু জাতীয় দলের পরিস্থিতি মেনেই তো খেলতে হবে।’ সুযোগটা এসে যায় চার নম্বর জায়গা নিয়ে সংকটের কারণে। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে পরিবর্তিত ব্যাটিং দেখে প্রধান নির্বাচক আকরাম খানই নাঈমকে বলেছিলেন, জাতীয় লিগে চার নম্বরে খেলতে। ‘তখনই মনে হয়েছিল জাতীয় লিগে চারে ভালো খেললে ফেরার সুযোগ থাকবে। যদি জাতীয় দলে আসি আর ওপরের দিকে খেলতে হয়, সেটা ভেবেই প্রস্তুতি নিয়েছি’—বলছিলেন নাঈম। আত্মবিশ্বাস বাড়িয়েছে জাতীয় লিগের দুটি সেঞ্চুরিও, ‘জাতীয় লিগে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে গিয়ে যদি কেউ রান করে...রান রানই, যেখানেই করুক। ওটা আত্মবিশ্বাস বাড়ায়।’জাতীয় দলে ফিরতে খেলার ধরন বদলালেও ছক্কা নাঈমের ব্যাটিং কি পারবেন ভুলতে? নাঈম ভুলতে চানও না। দলের প্রয়োজনে চারে খেলছেন, দলের প্রয়োজনেই যদি আবার পেছনে নামতে হয়, নামবেন! সব রকম ব্যাটিংয়ের জন্যই প্রস্তুত নাঈম, ‘আট নম্বরে খেললে তো আবার সেই পরিস্থিতিতেই খেলতে হবে। আবার ওই ধরনের ব্যাটিংই করতে হবে। যখন যে জায়গায় সুযোগ আসবে সেই ব্যাটিংই করতে হবে।’ঢাকা টেস্টে সেই ব্যাটিংটা না করলেও তামিম-সাকিবের খেলা দেখে আফসোস সামান্য হলেও হয়েছে। ভেবেছেন, ইস্্! আমিও যদি পারতাম...। কাল দিন শেষের সংবাদ সম্মেলনে বলেও দিলেন, ‘তামিম-সাকিবের সঙ্গে ব্যাট করা সৌভাগ্যের ব্যাপার। পাশে থেকে ওদের ব্যাটিং খুবই উপভোগ করি। চেষ্টা করি যদি আমিও ওদের মতো হতে পারি।’আগের দিন শেষে অপরাজিত ছিলেন ২৭ রানে। নাঈম চেয়েছিলেন কালকের দিনটাও অপরাজিত থেকে শেষ করতে। সেটা হয়নি। তবে দলের আর সবার মতো দিন শেষে উইকেটে থাকা দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আর নাসিরের দিকে তাকিয়ে তিনিও, ‘যে যখনই ব্যাটিংয়ে গেছে, চেষ্টা করেছে উইকেটে থেকে রান করতে। সকাল থেকে এই পরিকল্পনা ছিল। দিন শেষে রিয়াদ-নাসিরও সেই ব্যাটিংই করেছে। তারা ভালো কিছু করতে পারলে ইনশাআল্লাহ টেস্টটা ড্র হতে পারে।’যদি সত্যিই সে রকম কিছু হয়, ঢাকা টেস্টের নায়কও হয়ে যেতে পারেন বদলে যাওয়া নাঈম ইসলাম।