
৩৪টি ম্যাচ হয়ে গেল। এখন পর্যন্ত ২০০ রানের ইনিংস দেখল না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসরে দুই শ অবশ্য দুষপ্রাপ্যই। ২০০৯, ২০১০ ও ২০১২—এই তিন আসর মিলিয়ে দুই শ ছাড়ানো ইনিংসই যে মাত্র দুটি।
শুরুটা তাহলে হয়েছিল ভুল বিজ্ঞাপন দিয়েই। ২০০৭ সালে জোহানেসবার্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে চার-ছক্কার বন্যা বইয়ে দুই দলই করে দুই শর ওপরে রান। ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রান ১৪ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আট দিন পর ডারবানও এক ম্যাচে দুবার দেখেছিল দুই শ। ভারতের ২১৮ তাড়া করে ঠিক ২০০ রানে থেমেছিল ইংল্যান্ড। এই দুই ম্যাচের মাঝে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০ রান তো টিকে আছে বিশ্ব রেকর্ড হিসেবেই। প্রথম আসরে পাঁচটি, পরের চার আসরে দুবার দুই শ!
স্পিনারদের কথাই ধরা যাক। শুরুতে ভাবা হয়েছিল, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তাঁরা থাকবেন সৎছেলে হয়ে। প্রথম বিশ্বকাপটা ইঙ্গিতও দিয়েছিল সেটা। দক্ষিণ আফ্রিকায় ৭৯টি উইকেট নিয়েছিলেন ধীরগতির বোলাররা। পেসাররা ২২৭টি। অধিনায়কেরা নির্ভর ছিলেন গতিতারকাদের ওপরই। ৭৩৭ ওভার বল করেছিলেন পেসাররা। স্পিনাররা মাত্র ২৩৭.২ ওভার, শতকরা হিসাবে যেটা ২৪.০৭। মারটাও বেশি খেয়েছিলেন স্পিনাররা, ওভারপ্রতি ৭.৮৪ রান। পেসাররা প্রতি ওভারে দিয়েছিলেন ৭.৭৮ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস-স্পিন লড়াই
দিন বদলেছে। ক্রমেই স্পিনারদের দিকেই ঝুঁকছেন অধিনায়কেরা। এবার প্রথম সেমিফাইনাল পর্যন্ত ৩৩ ম্যাচে মোট ওভারের ৪১.৮৪ শতাংশই করেছেন স্লো বোলাররা। পিটুনিটা কম খেয়েছেন তাঁরাই, ওভারপ্রতি ৬.৮৪ রান। অন্যদিকে পেসাররা এবার প্রতি ওভারে রান দিয়েছেন ৭.৭১ করে।
স্পিন পেস
সাল ওভার উইকেট ইকো. ওভার উইকেট ইকো. স্পিন ওভার (%)
২০০৭ ২৩৭.২ ৭৯ ৭.৮৪ ৭৩৭.০ ২২৭ ৭.৭৮ ২৪.০৭
২০০৯ ৩৮৩.৪ ১২৫ ৬.৬২ ৫৯৩.০ ১৮৪ ৭.৯৬ ৩৮.৩৮
২০১০ ৪১৮.৫ ১১৬ ৭.১৯ ৫৬৪.৪ ২০২ ৭.৫২ ৪২.৫৮
২০১২ ৪৪৬.০ ১২৬ ৬.৮৭ ৫২৬.২ ১৬৬ ৭.৯০ ৪৫.৭৩
২০১৪ ৫১২.১ ১৫৯ ৬.৮৪ ৬৮৫.৪ ২১০ ৭.৭১ ৪১.৮৪
পাওয়ার প্লে ও শেষ ৫ ওভারের রান (প্রথম ইনিংস)
পরিবর্তন এসেছে ব্যাটিং পরিকল্পনাতেও। পাওয়ার প্লেতে তেড়েফুঁড়ে মারার চেয়ে উইকেট ধরে রেখে শেষের ওভারগুলোয় তাণ্ডব চালানোটাই ভালো মনে হচ্ছে। পরশু পর্যন্ত ম্যাচের প্রথম ইনিংসে পাওয়ার প্লেতে গড়ে রান উঠেছে ৪১, প্রথম পর্বটা বাদ দিলে গড়টা হয় প্রায় ৪০। অন্যদিকে শেষ ৫ ওভারে সুপার টেন থেকে শুরু করে ম্যাচপ্রতি রান হয়েছে ৫১।
১-৬ ১৬-২০
২০০৭ ৪১ ৪৮
২০০৯ ৪৭ ৪৯
২০১০ ৪২ ৪৯
২০১২ ৪০ ৪৯
২০১৪ ৪০ ৫১
ফান ক্রিকেট থেকে সিরিয়াস ক্রিকেটে উত্তরণ আগেই হয়েছে টি-টোয়েন্টির। পরিবর্তন এসেছে পরিকল্পনা-প্রস্তুতিতে। পেস থেকে স্পিনে ঝুঁকেছে দলগুলো। পাঁচটি বিশ্বকাপ হলো পাঁচ দেশের ভিন্ন ভিন্ন কন্ডিশনে। তার পরও সব মিলিয়ে মোট সংখ্যাগুলো রয়ে গেছে প্রায় আগের মতোই। প্রথমবার ২০০৭ সালে ওভারপ্রতি রান উঠেছে ৭.৯৯, উইকেটপ্রতি ২২.৬৪। এবার প্রথম সেমিফাইনাল পর্যন্ত ওভারে ৭.৫২ ও উইকেটপ্রতি ২২.১৩। মাঝের তিন আসরেও রানরেটটা ছিল ৭.৫৩ থেকে ৭.৬৩ এর মধ্যে। চার-ছয়ের হিসাবটাও সর্বশেষ দুই আসরে প্রায় সমান। প্রতি নয় বলে একটি করে বাউন্ডারি ও প্রতি ২৬ বলে হয়েছে একটি ওভার বাউন্ডারি।
চার-ছয়ের হিসাব
সাল চার বল/৪ ছয় বল/৬
২০০৭ ৬৫৯ ৯.০৫ ২৬৫ ২২.৫০
২০০৯ ৬৬৭ ৯.০৪ ১৬৬ ৩৬.৩১
২০১০ ৫০৪ ১১.৭৮ ২৭৮ ২১.৩৬
২০১২ ৬৪৫ ৯.১১ ২২৩ ২৬.৩৬
২০১৪ ৭৯৯ ৯.০২ ২৮১ ২৬.০০
* পরিসংখ্যান প্রথম সেমিফাইনাল পর্যন্ত।