বদলে যাওয়া বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাড বয়’ ইমেজটা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। তাই ইতালির হয়ে গোল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চ্যালেঞ্জটা আসলে সমালোচকদের প্রতি ছুড়ে দেওয়া। তাতে জিতলেন মারিও বালোতেল্লি, ম্যানচেস্টার সিটির হয়ে নিয়মিতই গোল পাওয়া স্ট্রাইকার পরশু গোল করলেন ইতালির হয়ে। শুধু গোলই নয়, তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ইতালিও তাই পোল্যান্ডের মাঠ থেকে ফিরল ২-০ গোলের জয় নিয়ে।২০১০ সালের ১০ আগস্ট, ২০তম জন্মদিনের দুই দিন আগে আইভরিকোস্টের বিপক্ষে অভিষিক্ত বালোতেল্লির এটাই প্রথম আন্তর্জাতিক গোল। তবে ৩০ মিনিটে দলকে প্রথম লিড এনে দেওয়া গোলটা তাঁর বোনাস। পুরো ম্যাচেই ২১ বছর বয়সী বালোতেল্লি ছিলেন দুর্দান্ত। অসুস্থতা আর চোটের কারণে আন্তোনিও কাসানো, জিউসেপ্পে রোসি দলে ছিলেন না। কোচ সিজারে প্রানদেল্লিকে এই শূন্যতাটা বালোতেল্লি বুঝতেই দেননি।মুগ্ধ কোচ ম্যাচ শেষে বালোতেল্লিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘বালোতেল্লির পারফরম্যান্স ছিল আমাদের জন্য বিশেষ কিছু। পুরো ম্যাচেই সে ছিল অসাধারণ। গোলটা ওর বাড়তি পাওনা।’বাছাইপর্ব-উত্তর ইউরো প্রস্তুতি পর্বের প্রথম দিনে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হয়েছে কিয়েভে। সেখানে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ইউরোর আরেক স্বাগতিক ইউক্রেন। তারুণ্যনির্ভর দলের এই পারফরম্যান্সে অবশ্য হতাশ নন জার্মান কোচ জোয়াকিম লো। তিনি প্রত্যাশার চোখে তাকাচ্ছেন মঙ্গলবারের হল্যান্ড ম্যাচের দিকে।জার্মানির মতো ড্র করেছে হল্যান্ডও, নিজেদের মাঠে সুইজারল্যান্ডের সঙ্গে। ফ্রান্স নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। এএফপি, রয়টার্স।