বদলে যাওয়া বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিম বেনজেমার গোলের উদ্যাপন৷ পরশু পোর্তো আলেগ্রেতে হন্ডুরাসের বিপক্ষে দুবার এমন উল্লাস করতে পেরেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার l এএফপি
করিম বেনজেমার গোলের উদ্যাপন৷ পরশু পোর্তো আলেগ্রেতে হন্ডুরাসের বিপক্ষে দুবার এমন উল্লাস করতে পেরেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার l এএফপি

ছোট্ট মেলিয়ার বয়স মাত্র চার মাস৷ এখনো কথা বোঝার মতো বয়স হয়নি৷ হলে সে হয়তো শুনতে পেত, বাবা কানের পাশে বলছে, ‘তুই সৌভাগ্য নিয়েই এসেছিস, মা৷’
আসলেই তো, মেলিয়া জন্মানোর পর থেকেই তো বাবা করিম বেনজেমার বৃহস্পতি তুঙ্গে৷ অদ্ভুত কাকতাল, পরশু বাবা দিবসেই বেনজেমা আলো ছড়ালেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে৷ হন্ডুরাসের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সের বিশ্বকাপ স্বপ্নের সারথি তো ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারই!
কদিন আগেই চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রিবেরি৷ ফ্রান্সের বিশ্বকাপ এবারও ভুলে যাওয়ার মতো হবে? বেনজেমা মাঠেই জানিয়ে দিলেন, সেটা সম্ভবত হচ্ছে না৷ কাগজে-কলমে পরশু দুই গোল করেছেন, আসলে তাঁর হ্যাটট্রিকই হয়েছে৷ হন্ডুরিয়ান গোলরক্ষক নোয়েল ভায়াদারেসের আত্মঘাতী গোলের প্রায় পুরো কৃতিত্বই বেনজেমার৷ তার আগে পেনাল্টি দিয়ে শুরু করেছিলেন, শেষ করেছেন ডান পায়ের দারুণ এক শটে৷
অথচ নয় মাস আগেও পরিস্থিতি ছিল অন্য রকম৷ হঠাৎ করেই জাতীয় দলের জার্সি গায়ে গোল করা যেন ভুলে গিয়েছিলেন৷ এক ম্যাচ, দুই ম্যাচ, তিন ম্যাচ...বেনজেমার গোলহীন সময়টা প্রলম্বিত হয়েছিল ১১১৭ মিনিটে৷ শেষ পর্যন্ত প্রথম একাদশে জায়গা হারিয়ে ফেললেন৷ চার ম্যাচে বেঞ্চে বসে দেখেছেন দলের খেলা৷ তখনই হয়তো দাঁতে দাঁত চেপে পণ করে রেখেছিলেন, ঘুরে দাঁড়াবেনই৷
সেই সুযোগটা এল আরও এক মাস পরে৷ প্যারিসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত সেই অধরা গোল যখন পেলেন, তার আগে পেরিয়ে গেছে যন্ত্রণাদগ্ধ দীর্ঘ ১২২২ মিনিট৷ পার্ক ডে প্রিন্সের ৪৮ হাজার দর্শক চিৎকার করে গাইতে শুরু করেছেন, ‘ও গোল করেছে, ও গোল করেছে৷’ বেনজেমা রাগ করেননি, রসিকতা হিসেবেই নিয়েছিলেন৷ সেই শুরু, এরপর মৌসুমটা তো স্বপ্নের মতোই গিয়েছে৷
রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে ৫২ ম্যাচে করেছেন ২৪ গোল৷ গ্যারেথ বেল আসার পর অনেকেই মনে করেছিলেন, বেনজেমা হয়তো এবার জায়গা হারিয়েই ফেলবেন৷ কিন্তু কার্লো আনচেলত্তি আসার পর নিজেকে আবিষ্কার করেছেন নতুনভাবে৷ এই মৌসুমের বেনজেমা তাই আগের চেয়ে অনেক বেশি পরিণত, গোলের ক্ষুধাও যেন বেড়েছে অনেক৷
তবে ফ্রান্সকে গর্ব করার মতো উপলক্ষ এনে দিয়েছিলেন নভেম্বরে৷ ইউক্রেনের সঙ্গে প্লে-অফের প্রথম ম্যাচ ২-০ গোলে হেরে বসেছিল ফ্রান্স৷ বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকি যখন রাঙাচ্ছে, ফ্রান্স ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে৷ ফিরতি লেগে ব্লুদের ৩-০ গোলের জয়ে দ্বিতীয়টি ছিল ফ্রেঞ্চ স্ট্রাইকারের৷ এবার তো সুযোগ বিশ্বকাপই নিজের করে নেওয়ার৷
গতবারেই অবশ্য অভিষেক হয়ে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু রিয়ালের হয়ে তখন ফর্মের সঙ্গে যুঝতে হচ্ছিল৷ রেমন্ড ডমেনেখের বিশ্বকাপ দলে তাই জায়গা হয়নি৷ বাসায় বসে টিভিতে দলের দুর্দশা দেখতে দেখতে হয়তো পুড়েছেন আক্ষেপের আগুনে৷ এবার সেই সব দেনা-পাওনা চুকিয়ে দিতে চাইবেন সুদে-আসলে!