বদলে যাওয়া ম্যারাডোনা
মাঠে মেসি আর ডাগ-আউটে ম্যারাডোনা। দুজনের দিকেই চোখটা পড়ল বেশি। আর ক্যামেরার চোখ যে কতবার ম্যারাডোনার দিকে পড়ল তার হিসাব কে রাখে! এই ম্যারাডোনাকে এত দিন বিশ্বকাপ দেখেছে সোনার কাপটা হাতে উল্লাসে মেতে উঠতে। এই ম্যারাডোনাকে বিশ্বকাপ দেখেছে সোনার কাপটা হাতে নেওয়ার কাছে গিয়ে ব্যথায় কুঁকড়ে যেতে। বিশ্বকাপে মাঠের বাইরে ডাগ-আউটে কোচের ভূমিকায় তো তিনি এই প্রথম!অনেকের চোখ আবার খুঁজে ফিরল অন্যকিছু। নাইজেরিয়ার বিপক্ষে ডাগ-আউটে কী না কী করে বিতর্কের রসদ জোগান দেন আর্জেন্টিনা কোচ! তবে তিনি প্রথম ম্যাচে বিতর্কিত হননি। ধূসর রঙের স্যুট পরা আর্জেন্টিনা কোচ হাতের দুটি ঘড়ির দিকে বারবার তাকাচ্ছিলেন। একটাতে স্টপওয়াচ, খেলার সময়টা দেখছেন; অন্যটি ব্যবহার করছিলেন মেয়ে জিয়ানিনা, দালমা ও নাতি বেঞ্জামিনের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্যম হিসেবে। দুই মেয়ে, নাতি এসে গেছে। হূদয়ের সবচেয়ে কাছের তিনজন মানুষের সঙ্গে তাঁর যে এক মুহূর্ত কথা না হলে চলে না!ঘড়ি থেকে চোখ ফিরিয়ে কখনো কোটের পকেটে হাত রাখলেন। কখনো হাত দুটি প্রার্থনার ভঙ্গিতে নিয়ে গেলেন মুখের কাছে। কোচ ম্যারাডোনা আসলেই অন্য রকম। বিশ্বকাপ বাছাইপর্বের চেয়ে ইনি অনেক বেশি ‘কোচ’। হাত দিয়ে কখনো কখনো নির্দেশ দিলেন, ‘ওই দিকে কভার করো’, কখনো কাউকে বললেন, ‘বলটা মেসিকে দাও।’ কে বলে তিনি মাঠের খেলার দর্শক? ডাগ-আউটে দাঁড়ালে কেবল আবেগাক্রান্ত হন, বড় বড় চোখে শুধু খেলার গতিপথেই তাকিয়ে থাকেন, গতিপথ ঠিক করে দেওয়ার দায়িত্ব নেন না? গোল করলে তিনি শিশুর মতো আনন্দও করতে জানেন। গ্যাব্রিয়েল হেইঞ্জ যখন গোল করলেন, তাঁকে দেখা গেল আনন্দে নানান ভঙ্গী করছেন। কোচের পদবিটা গায়ে সাঁটা না থাকলে নির্ঘাত কোট খুলে ফেলতেন। শার্টটাকে বনবন করে ঘোরাতেন পতাকার মতো। যেমন করে ঘুরিয়েছিলেন চার বছর আগে জার্মানির গ্যালারিতে!মিডিয়ার সেই অংশটা তাকিয়েই থাকল। কই পাশের ডাগ-আউটে সবুজ রঙের ট্র্যাকস্যুট পরা লোকটির দিকে তো তেড়ে গেলেন না ইনি! প্রথম ম্যাচেই বহিষ্কৃত হতে পারেন কোনো কাণ্ড করে—ইংল্যান্ডের কোনো কোনো বেটিং কোম্পানির অনেক বাজির এটাও ছিল একটা। বাজিতে কেউ জেতেনি।ম্যাচের আগে একটা তপ্ত বাতাস ছড়িয়ে পড়েছিল। ম্যারাডোনা বারবার নাইজেরিয়ার শরীরনির্ভর খেলা নিয়ে খোঁটা দিচ্ছিলেন। নাইজেরিয়া কোচ লার্স লাজারব্যাক ঠারেঠোরে কাঁটা কাঁটা উত্তর দিচ্ছিলেন। ডাগ-আউটে আসলে একটা ‘যুদ্ধের’ বাতাবরণই ছিল। ম্যাচ শেষে লাজারব্যাক যে ম্যারাডোনার সঙ্গে হাত মেলালেন না, সেকি ওই রেষারেষি থেকেই?ব্যাপারটা মোটেও তা নয়। সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করতেই সুইডিশ কোচের মুখে পাল্টা, ‘হাত মেলানোটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে?’ বোঝাতে চাইলেন নিয়ম হলে তিনি হাত মেলাতেন অবশ্যই, ‘তাঁর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। তাঁর প্রতি আমার যথেষ্টই শ্রদ্ধা আছে।’পরশুর সংবাদ সম্মেলনের ম্যারাডোনা ছিলেন আরও ব্যতিক্রম। দলটাকে বাছাইপর্ব পার করে আনার পর সাংবাদিকদের এক হাত দেখিয়ে দেওয়া লোকটি বেমালুম হাওয়া। ইনি আমুদে, প্রথম ম্যাচ জিতে বুক থেকে নামিয়ে দিয়েছেন পাথরভার। একটা আপেল নিয়ে এসেছেন পকেটে করে। হঠাৎ করেই সেটি বের করে খেতে শুরু করলেন। এক কামড়ে অর্ধেকটা শেষ করে নামিয়ে রাখলেন টেবিলে। আধখানা আপেল হাতে নিয়েই কথা বলতে লাগলেন। কোনো প্রশ্নে চোখমুখ এমন করলেন যেন পার্থপ্রতিম মজুমদার, নিপুণ মূকাভিনেতা। চোখমুখ কুঞ্চিত করলেন। অদ্ভুত হাসি হাসলেন।তাহলে কি কোচ হিসেবে বিশ্বকাপ জিতিয়ে কিংবদন্তি হওয়ার পথে এই ম্যারাডোনা একটা পা দিয়ে ফেললেন সামনের দিকে?‘নো নো, কী যে বলেন। কেবল তো প্রথম ম্যাচটাই জিতলাম। যেতে হবে আরও অনেক দূর।’আপনি কি সন্তুষ্ট? ‘অবশ্যই।’‘এত যে গোলের সুযোগ নষ্ট হলো...?’‘না, এটা নিয়ে আমার কিছু অভিযোগ নেই। এটা হতেই পারে। আমরা গোলের অনেক সুযোগ নষ্ট করেছি। তবে সবচেয়ে বড় কথা, জয় দিয়ে শুরু করতে পেরেছি। সামনে গোল হয়তো অনেক পাব।’আর মেসির খেলা? এবার ম্যারাডোনা পলকের জন্য চোখ বুজলেন, যেন ধ্যানমগ্ন ঋষি, মুহূর্তের জন্য ঘুরে এলেন এলিস পার্কের সবুজে। যেখানে মেসি তাঁর জাদুকরি পায়ের ছাপ দিয়ে এসেছেন। এঁকে এসেছেন নান্দনিক সব ছবি। ডান প্রান্ত দিয়ে একটা দৌড় দিয়ে উসাইন বোল্টকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছেন। পার্থক্য হলো বোল্ট দৌড়ান খালি পায়ে, আর রোজারিও থেকে পাঁচ বছর বয়সে আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে আসা এই ‘বার্সেলোনা বালক’ বল পায়ে।ম্যারাডোনা বললেন, ‘এই মেসি মানেই সুন্দর ফুটবল। ফুটবলের সুন্দরকে প্রথম ম্যাচেই ধরেছে। সে ছিল একটা ম্যাজিক।’ম্যারাডোনা উঠে গেলেন, কোটের পকেটে হাত। হেলেদুলে এগোলেন লকার রুমের দিকে। মুখে হাসির স্পষ্ট আভা। হাসিতেও ছিল হয়তো মেসির উপস্থিতি? হয়তো বলতে চাইছিলেন, ‘বলেছিলাম না, এই মেসি ছিয়াশির ম্যারাডোনার চেয়েও ভালো!’