বদলে যাওয়া রোবেন

হল্যান্ড-মেক্সিকো ম্যাচে নাটকের শেষ দৃশ্যের মঞ্চায়ন হতে চলেছে। পেনাল্টি থেকে আরিয়েন রোবেন গোল করবেন, জয়কেতন উড়বে হল্যান্ডের। কিন্তু এ কী! রোবেন নিজে পেনাল্টি না নিয়ে সতীর্থ হান্টেলারকে সুযোগ করে দিলেন জয়সূচক গোল করার। ফুটবলে এমনটা হতেই পারে। কিন্তু মানুষটা ‘রোবেন’ বলেই যে চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম! বছর তিনেক আগে এমন দৃশ্য কেউ কল্পনাও করতে পেরেছিল কি না সন্দেহ!
অজস্র ‘কীর্তি’র ভান্ডার থেকে একটি তুলে ধরা যাক। ২০১১-তে হল্যান্ড প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলে। রোবেন যথারীতি তাঁর ট্রেডমার্ক ড্রিবলিংয়ে ব্রাজিলের রক্ষণভাগকে নাস্তানুবাদ করে ডি-বক্সের কাছাকাছি পৌঁছে গেলেন। রবিন ফন পার্সি এমন এক পজিশনে ছিলেন, রোবেন তাঁকে পাস দিলে সেই গোল করতে পারার চেয়ে না পারাটাই কঠিন হতো! কিন্তু পার্সিকে সহজ পাস না দিয়ে রোবেন নিজেই দুরূহ কোণ থেকে শট নিলেন। গোল হলো না। পার্সির দুই চোখ তখন বিস্ময়ে ছানাবড়া। ম্যাচ শেষে নিজের হতাশাও গোপন করলেন না, ‘অবিশ্বাস্য! সে আমাকে দেখল এবং সিদ্ধান্ত নিল নিজেই সুযোগটা নেবে। আমি সত্যিই কল্পনা করতে পারছি না, তার জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম কি না।’ এমনি এমনি তো আর ‘স্বার্থপর’ তকমা রোবেনের গায়ে লেপটে যায়নি!
সেই রোবেন এখন বদলে গেছেন। শুধু গোল না, সতীর্থদের দিয়েও গোল করিয়ে যাচ্ছেন অনবরত। তাঁকে বলা হতো বড় ম্যাচের ‘চোকার’। বায়ার্ন মিউনিখের রোবেন তো এ অপবাদ থেকে নিজেকে মুক্ত করেছেনই। সঙ্গে এই বিশ্বকাপের পারফরম্যান্স দেখুন। ‘চোকার’ শব্দটিকে তো অভিধানের বাতিল শব্দ মনে হচ্ছে এখন!
‘দা-কুমড়ো’ বাগ্ধারাটির সার্থক বাস্তবায়ন ঘটাতেন কোচদের সঙ্গে। আর এখন? ডাচ কোচ ফন গালের মুখেই শুনুন, ‘আমি দলে আছি কৌশলগত বিষয় নিয়ে কাজ করার জন্য। আর রোবেন আছে সবার অনুপ্রেরণার জন্য।’ চোটের সঙ্গে নিত্য বসবাস বলে তো উপাধিই পেয়েছিলেন ‘ম্যান অব গ্লাস’! অথচ ফুটবলের ‘উসাইন বোল্ট’ এখন যেভাবে পুরো মাঠ দাবড়ে বেড়াচ্ছেন, তাতে কে বলবে তাঁর বয়স ৩০!
১৪ বছর আগে ফিরে যাওয়া যাক। টগবগে এক তরুণকে নিয়ে ডাচ গণমাধ্যম বন্দনায় মেতেছে। কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ তখন রায় দিলেন, ‘নিঃসন্দেহে সে প্রতিভাবান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে শুধু বাঁ পা দিয়েই খেলে। ডান পা-ও ব্যবহার করতে না শিখলে সে কখনোই সাফল্যের শীর্ষ চূড়ায় উঠতে পারবে না।’
ডাচ ফুটবলে ক্রুইফই শেষ কথা। কিন্তু ক্রুইফের কথাও কি শেষ কথা? ক্রুইফের অনেক ভবিষ্যদ্বাণী সফল হয়েছে। খুব টাটকা উদাহরণ হিসেবে ‘মেসি-নেইমার জুটি সফল হবে না’—এ কথাটিই ধরুন। প্রথম মৌসুমে অন্তত ক্রুইফের কথাই সত্যি প্রমাণ হয়েছে। কিন্তু ফুটবলের সবচেয়ে প্রখর মস্তিষ্কের অধিকারী অন্তত একটি ভবিষ্যদ্বাণীর বেলায় ফেল মেরে গেছেন। সেদিন যে তরুণটিকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, সেই তরুণ এক বাঁ পায়ের ক্যারিশমা দিয়েই আজ বিশ্বের সেরা ফুটবলারদের একজন। নাম তাঁর রোবেন, আরিয়েন রোবেন। ইএসপিএন।
এই বিশ্বকাপে রোবেন
ম্যাচ ৪
মাঠে ছিলেন ৩৬০ মি.
গোল ৩
গোলে শট ১২
গোলে সহায়তা ১
সফল পাস ৮২
ট্যাকল ১
দৌড়েছেন ৭২.৭ কিমি