বদলে যাওয়া সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদলে যাওয়া লুইস সুয়ারেজ,  ফাইল ছবি
বদলে যাওয়া লুইস সুয়ারেজ, ফাইল ছবি

একটা কুইজ দিয়ে শুরু করা যাক। ২০১০ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত লাল কার্ড না দেখেই ২৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন কোন খেলোয়াড়? উত্তর: লুইস সুয়ারেজ। প্রশ্ন তুলতে পারেন, লাল কার্ড না দেখে এত নিষেধাজ্ঞা পান কীভাবে? যারা সুয়ারেজের অতীতটা জানেন, তাঁরা খুব অবাক হবেন না। ঘানার সঙ্গে বিশ্বকাপের ম্যাচে হাত দিয়ে গোল ঠেকিয়ে দেওয়া থেকে শুরু। বর্ণবাদী মন্তব্য, প্রতিপক্ষকে কামড়ে দেওয়া, ইচ্ছে করে মাটিতে পড়ে যাওয়া—একসময় সুয়ারেজ ও বিতর্ক প্রায় সমার্থক হয়ে উঠেছিল।

সময়ের সঙ্গে বদলে যায় অনেক কিছুই। বয়সের সঙ্গে মানুষ আরও পরিণত হয়, বিবেচক হয়। তবে সুয়ারেজের মতো খেলোয়াড় এমন আগাপাশতলা বদলে যাবেন সেটা এই মৌসুমের শুরুতে কেউ ভাবেনি। চেলসির ইভানোভিচকে কামড়ে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মার্চে। সেটা কাটিয়ে মাঠে ফেরার পর লিভারপুল স্ট্রাইকার পণ করেছেন কোনো বিতর্কে জড়াবেন না। মাঠে তাঁর সামর্থ্য সব সময়ই প্রশ্নাতীত, এই মুহূর্তে তো মেসি-রোনালদোর পরেই তাঁকে রাখবেন অনেকে।

ইএসপিএনের কাছে এই স্ট্রাইকার ‘ফাঁস’ করলেন বদলে যাওয়ার রহস্য, ‘মাঠে আমার মেজাজ, মনোভাব, ইচ্ছা ও ক্ষুধাটা এখন যেমন আছে সব সময় তেমনই থাকবে। এখন নিজের ওপর আমার নিয়ন্ত্রণ অনেক বেড়েছে। একটা উদাহরণ দিই। দুই সপ্তাহ আগে আমার একটা শট পোস্টে লেগে ফিরে আসে। সেটা আমার হাতেই এসে পড়েছিল। আমি হাত লাগাইনি। দুই মাস আগে যদি এমন হতো, তাহলে আমি সুবিধাটা নেওয়ার চেষ্টা করতাম। আমি যে বদলাচ্ছি এটা তো তারই প্রমাণ।’

অতীতের আয়নায় নিজেকে দেখে কি অনুশোচনা হয় সুয়ারেজের? উরুগুইয়ান স্ট্রাইকার যেটা বললেন তাতে তাই-ই মনে হয়, ‘আমি জানি একসময় আমি অনেক ভুল করেছি। এমন একটা ভাবমূর্তি আমার হয়ে গিয়েছিল যেটা আসলে ‘আমি’ নই। আমি এখন মাঠে নিজের স্বভাবটা বদলে ফেলছি।’

ইংলিশ লিগে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ডিসেম্বর কেন, এই মৌসুমের সেরাও তো সুয়ারেজই। লিগ-সর্বোচ্চ ২০ গোল, সবচেয়ে কাছাকাছি আগুয়েরোর গোল সাতটি কম! আজ স্টোকের সঙ্গে ম্যাচে সেটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। গত মাসেই লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছেন। সুয়ারেজ যে অ্যানফিল্ডে সুখে আছেন, শীর্ষ চারে থেকে চার মৌসুম পর লিভারপুলকে তুলতে চান চ্যাম্পিয়নস লিগে, ‘আমি এমন একটা ক্লাবে আছি যেখানে আমি সব সময় খেলতে চেয়েছি। আমি চেষ্টা করছি লিভারপুলকে জেতাতে, সতীর্থদের সাহায্য করতে। এভাবে খেললে আমরা শীর্ষ চারে থাকব। সেটাই আমাদের লক্ষ্য।’ এএফপি, ওয়েবসাইট।