বদলে যাওয়ার গল্প
ঘুষখোর। জুয়াড়ি। এমনই সব অপবাদ নিয়ে গিয়েছিলেন শ্রীঘরে। কিন্তু চার দেয়ালের বন্দিজীবনও যে একটা মানুষকে বদলে দিতে পারে তারই নতুন দৃষ্টান্ত হয়ে থাকলেন নান ইয়াং। চীনের ফুটবল ফেডারেশনের (সিএফএ) সাবেক প্রধান জেলে বসে বই লিখছেন। আবিষ্কার করেছেন ফুটবলে সহায়ক নানা কৌশল।
ফুটবলে শিকড় গেড়ে বসা পাতানো খেলার বিরুদ্ধে গত বছর চীনে চালানো হয় চিরুনি অভিযান। সেই অভিযানে ফেঁসে যান নান ইয়াং। সিএফএর প্রধান থাকা অবস্থায় ঘুষ গ্রহণ এবং পাতানো খেলায় তাঁর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। ফুটবলে নিষিদ্ধ হয়ে জেলে যান দশ বছরের জন্য। সেই নিন্দিত নানই এখন নন্দিত। ফুটবলের অনুশীলন-সহায়ক বিভিন্ন ডিভাইসের পাশাপাশি তিনি আবিষ্কার করেছেন এমন এক মোবাইল ফোন, যেটির মাধ্যমে দূর থেকেই চালু করা যাবে নির্দিষ্ট কোনো অফিসের সব বহুমুখী ডেস্কটপ কম্পিউটার। তাঁর আবিষ্কার এবং আচরণে মুগ্ধ হয়ে এরই মধ্যে তাঁর সাজা এক বছর কমিয়ে দিয়েছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। এএফপি।