বদলে যাচ্ছে কোচিং স্টাফের চেহারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের দারুণ ব্যস্ত সময়ের আগে ছুটি কাটাচ্ছেন। অস্ট্রেলিয়ায় স্ত্রী-কন্যাকে নিয়ে সমুদ্রবিলাসে মেতেছেন জেমি সিডন্স। বাংলাদেশ কোচের রসিকতা মেশানো ব্যাখ্যায় যেটা নাকি ‘বিশ্বকাপ প্রস্তুতির জন্য শক্তি সঞ্চয়!’সিডন্স যখন ছুটি কাটাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখন ব্যস্ত তাঁর দুই সঙ্গী খোঁজায়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগেই জাতীয় দলের জন্য বোলিং-ফিল্ডিং কোচ নিয়োগ করার সিদ্ধান্তটি চূড়ান্ত। এ কাজে অনেকটা এগিয়েও গেছে বোর্ড। সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের ৪০ বছর বয়সী জুলিয়েন ফাউন্টেনই হয়তো হচ্ছেন বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ। ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ চলছে তাঁর সঙ্গে। একসময়ের বেসবল খেলোয়াড় ফাউন্টেনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং ইংল্যান্ড দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করে বেসবল খেলোয়াড়দের মধ্যে প্রথম ক্রিকেট কোচিংয়ে আসেন ফাউন্টেনই। সম্ভাব্য বোলিং কোচ হিসেবে দু-তিনটা নাম থাকলেও বেশি শোনা যাচ্ছে ইংল্যান্ডের সাবেক পেসার ৫১ বছর বয়সী গ্রাহাম ডিলির নাম। ৪১টি টেস্ট ও ৩৬টি ওয়ানডে খেলা ডিলি ২০০১-০২-এর ভারত সফরে ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটি সেন্টার অব ক্রিকেটিং এক্সেলেন্সের প্রধান কোচ ডিলি একসময় ইংল্যান্ডের মহিলা দলেরও বোলিং কোচ ছিলেন।বিসিবি এই দুই কোচের নিয়োগের ব্যাপারে বেশ গোপনীয়তা রক্ষা করে চলেছে। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন তো এমনও বললেন, নতুন কোচিং স্টাফ নিয়োগের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তাঁরা, ‘আমরা ব্যক্তিগত পর্যায়ে কয়েকজনের সঙ্গে কথা বলছি। ভালো প্রোফাইলের কারণে হয়তো দু-একজনের ব্যাপারে আমাদের আগ্রহটা বেশি থাকলেও এখনো কারও নামই চূড়ান্ত নয়। তবে আশা করছি, নিউজিল্যান্ড সিরিজের আগেই আমরা তাঁদের পেয়ে যাব। নতুন কোচদের সঙ্গে চুক্তি হবে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত।’ বোলিং-ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার আগে জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্সের মতামত জেনে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কোচ প্রয়োজন মনে করলে স্বল্প সময়ের জন্য আনা হতে পারে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং উপদেষ্টাও।কোচিং স্টাফ নিয়োগের ব্যাপারে কোনো মন্তব্য করতে না চাইলেও কাল প্রথম আলোর এক ই-মেইলের জবাবে সিডন্স বলেছেন, ‘কোচিং স্টাফের ব্যাপারে আমি কিছু বলতে পারব না। শুধু এটুকু বলতে পারি, কোচিং স্টাফ পুনর্গঠন করাটা জরুরি।’ এনায়েত হোসেনের কথায়ও আছে সেই আভাস। নতুন দুই কোচ যোগ দিলে বদলে যেতে পারে বাংলাদেশ দলের কোচিং স্টাফের চেহারা। বিলুপ্ত হতে পারে সহকারী কোচের পদ। ‘হেড কোচের সঙ্গে বোলিং-ফিল্ডিং কোচ থাকবেন। ট্রেনার, ফিজিও, কম্পিউটার এনালিস্ট তো থাকতেই হবে। এরপর আর আলাদা করে সহকারী কোচের প্রয়োজন আছে কি না, সেটা ভেবে দেখতে হবে। সহকারী কোচ হিসেবে এখন যিনি (খালেদ মাহমুদ) আছেন, তিনি তো বোর্ডের স্টাফই। তাঁকে অন্য কোনো দায়িত্ব দেওয়া যেতে পারে। এ নিয়ে আমাদের আলোচনায় বসতে হবে’—জানিয়েছেন এনায়েত হোসেন। আগামীকাল বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায় এটা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য বোর্ডের কাছে আরও আগেই ২৭ ক্রিকেটারের নাম জমা দিয়েছে নির্বাচক কমিটি। সভায় আনুষ্ঠানিকভাবে তাঁদের ক্যাম্পে ডাকার ব্যাপারেও আলোচনা হবে।আগামী ১৬ আগস্ট ঢাকায় ফিরে ২০ আগস্ট থেকেই সিডন্স শুরু করে দেবেন বিশ্বকাপের প্রস্তুতি। হ্যাঁ, বিশ্বকাপের প্রস্তুতিই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি হোম সিরিজ থাকলেও কোচের ভাবনায় কেবলই বিশ্বকাপ। ই-মেইলে তিনি বলেছেন, ‘আমি যে আড়াই বছর ধরে দায়িত্বে আছি, সব সময় বিশ্বকাপ প্রস্তুতি নিয়েই ভেবেছি এবং সেটাই চলছে এখন। সব সময় চেষ্টা করেছি আলাদা আলাদা করে খেলোয়াড়দের উন্নতি ঘটাতে এবং এটাই আমার টার্গেট। আলাদাভাবে প্রত্যেকের খেলায় উন্নতি আনা গেলে দলের ফলাফলটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তামিম, আশরাফুল বা সাকিবের বড় কোনো অবদান ছাড়াই আমরা যেমন সম্প্রতি ইংল্যান্ডকে হারালাম। আমি চাই দলের সেরা খেলোয়াড়েরা ব্যর্থ হলেও অন্যরা মিলে যেন ম্যাচ জেতাতে পারে।’বিশ্বকাপের জন্য খুব বেশি খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার পক্ষে নন সিডন্স। কোচ এটিকে সময়ের অপচয় বলেই মনে করেন। তবে তিনি বলেছেন, আসন্ন দুই সিরিজে যাঁরা খেলবেন, বিশ্বকাপের দলটা তাঁদের মধ্য থেকেই হওয়ার সম্ভাবনা। এই দুই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ, ‘বিশ্বকাপের আগে এই দুই সিরিজে চমৎকার প্রস্তুতি হবে আমাদের। দল এই সিরিজ দুটিতে খুব ভালো খেলবে, জয়ের সম্ভাবনা তৈরি করবে—এমনটাই আশা। তবে এটা বলতেই হবে যে ব্যাটিংয়ের মতো আমাদের বোলিংয়ে ততটা উন্নতি হচ্ছে না। এই দিকটায় দৃষ্টি দিতেই হবে।’নতুন বোলিং কোচ যিনিই হোন, প্রধান কোচের কাছ থেকে প্রথম অ্যাসাইনমেন্টটা পেয়েই গেলেন তিনি।