বদলে যাচ্ছে রিয়ালের স্টেডিয়ামের নাম?

সান্তিয়াগো বার্নাব্যু। ফুটবলের খোঁজ-খবর যাঁরা রাখেন, প্রায় সবাই এক নামে চেনেন এই স্টেডিয়ামটি। এটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের সমার্থক হয়ে থাকা এই নামটিই এবার বদলে যেতে পারে। স্টেডিয়ামের জন্য স্পনসর খুঁজছে রিয়াল। সবকিছু ঠিকঠাক মিলে গেলে এই স্টেডিয়ামের নাম বদলে সেটির নামকরণ করা হতে পারে স্পনসর প্রতিষ্ঠানের নামে।
৮৫ হাজার ধারণক্ষমতার স্পেনের দ্বিতীয় বৃহত্তম ও ইউরোপের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটির নাম কিন্তু শুরুতেই বার্নাব্যু ছিল না। স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় ১৯৪৭ সালে। ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট বার্নাব্যু ইয়েস্তর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয় ১৯৫৫ সালে। ১৯১২ থেকে ১৯২৭ সাল পর্যন্ত রিয়ালে খেলেন ইয়েস্ত, অধিনায়কও ছিলেন। খেলা ছাড়ার পর পরিচালক হিসেবে যোগ দেন। এরপর দায়িত্ব পালন করেন প্রেসিডেন্টের। আজকে রিয়ালের যে চেহারা, তার ভিত্তিটা অনেক আগেই গড়ে দিয়েছিলেন দূরদর্শী এই ক্রীড়া সংগঠক।
ইয়েস্তর বয়স এখন ৮২। তাঁর কীর্তি হয়তো অনেকেই ভুলে গেছেন, তবে তাঁর নামের বার্নাব্যু স্টেডিয়াম এখন ফুটবল বিশ্বে বিখ্যাত হয়ে আছে। কে জানে, একদিন হয়তো স্টেডিয়াম হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুর নামটিও স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাবে!
নিছক গুঞ্জন নয়। স্টেডিয়ামের নাম বদলে ফেলার জন্য প্রস্তাবটা দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ নিজেই। কারণটা অবশ্য অর্থনৈতিক। অর্থের বিনিময়ে স্টেডিয়ামের নাম পরিবর্তন করতে স্পনসর খুঁজছে রিয়াল। এরই মধ্যে বেশ সাড়াও মিলেছে। স্পেনের মাইক্রোসফটের প্রেসিডেন্ট মারিয়া গারানা এক সাক্ষাত্কারে স্বীকার করেছেন, রিয়ালের স্টেডিয়ামে স্পনসর করার কথা ভাবছেন তাঁরা। শুধু তাঁর প্রতিষ্ঠান নয়, অনেকের সঙ্গেই যে ব্যাপারটা নিয়ে রিয়াল আলোচনা চালিয়ে যাচ্ছে, এটাও জানান গারানা, ‘আমরা রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা করছি। ব্যাপারটা রিয়ালই সামনে এনেছে। আমরাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বার্নাব্যু স্টেডিয়ামের নাম পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে কথা বলেছে ওরা। আমরাও ব্যাপারটা ভেবে দেখছি।’
সিনহুয়ার খবরে বলা হয়, মাইক্রোসফট ছাড়া বিমান সংস্থা ফ্লাই এমিরেটস ও গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান অডির সঙ্গে কথা বলেছে রিয়াল। এই দুটি কোম্পানির সঙ্গে এ মুহূর্তে স্পনসরশিপ চুক্তিও রয়েছে রিয়ালের।