বদ্রির ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৫০০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী তিনি। ম্যাচের আগেও তাই সেই স্যামুয়েল বদ্রিকে নিয়েই কিছুটা দুশ্চিন্তায় ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর কথাতেও সেই দুশ্চিন্তার আভাস ছিল, ‘ওকে (বদ্রি) খেলাটাই বড় চ্যালেঞ্জ হবে।’
চ্যালেঞ্জটা কী সেটা জানতেন। তবে বেঙ্গালুরুতে আজ সেই চ্যালেঞ্জে উতরাতে পারলেন না ম্যাথুসরা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বদ্রিই তো সবচেয়ে ভোগালেন লঙ্কানদের। টি-টোয়েন্টিতে বদ্রির এটি দ্বিতীয় সেরা বোলিং। ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কার স্কোরটাও তাই শেষ পর্যন্ত খুব একটা জুতসই হলো না, থেমে গেল ১২২ রানেই।
ক্রিস গেইল ছন্দে থাকলে এটা অবশ্য কোনো রানই নয়। গেইলের উইকেটটা শুরুতেই তুলে নিতে পারলে ম্যাচ ঝুঁকে যেতে পারে যেকোনো দিকেই। তবে ইতিহাসকে নিজেদের পক্ষে পাচ্ছে না লঙ্কানরা। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচই হয়েছে। যেখানে আগে ব্যাট করে ১৩৩ রান করেও পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল ভারত।
চতুর্থ ওভারেই ক্রেইগ ব্রাফেটের বলে এলবিডব্লু হয়ে তিলকরত্নে দিলশান ফিরে গেলেন। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জয়ের নায়ককে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই জনসন চার্লসের অসাধারণ ফিল্ডিংয়ে দিনেশ রামদিনও রান আউট। বদ্রি-ঝলকের শুরু হলো এরপর। প্রথম দুই ওভারে ৮ রান দিয়েছিলেন। তৃতীয় ওভারের প্রথম বলেই লাহিরু থিরিমান্নেকে আন্দ্রে ফ্লেচারের ক্যাচ বানালেন। ওই ওভারে রানও দিলেন মাত্র ২। চতুর্থ ওভারে এসে আবার প্রথম বলেই চামারা কাপুগেদারাকে তুলে নিলেন, চতুর্থ বলে মিলিন্ডা সিরিবর্ধনেকেও। শ্রীলঙ্কা ততক্ষণে ৪৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আছে। এই ধসের পরেও যে লঙ্কানদের রানটা শেষ পর্যন্ত ১০০ পেরিয়েছে, তার কৃতিত্ব ষষ্ঠ উইকেটে অধিনায়ক ম্যাথুস আর থিসারা পেরেরার মধ্যে ৪৫ বলে ৪৪ রানের জুটিটার।
৩২ বলে ২০ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ম্যাথুস ফিরে গেলেও অন্য প্রান্তে পেরেরা মোটামুটি হাত খুলে খেলে গেছেন। ২০তম ওভারের পঞ্চম বলে এসে আউট হয়েছেন ২৯ বলে ৪০ রান করে।
উইকেট না পেলেও শ্রীলঙ্কাকে বেশ ভুগিয়েছেন অন্য ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার সুলিমান বেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন বা–হাঁতি এই স্পিনার।