বধ করতে হবে স্পিনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে আশা জাগিয়ে তুলেছেন সাকিব। ছবি: প্রথম আলো
নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে আশা জাগিয়ে তুলেছেন সাকিব। ছবি: প্রথম আলো

দিনের প্রথম বল। আগের দিনের অসমাপ্ত ওভারটি করতে এলেন ইশ সোধি। অফস্টাম্পে পড়ে দুর্দান্ত বাঁক নিয়ে বেরিয়ে গেল। দিনের প্রথম বলটার এই টার্ন দেখে নিশ্চয়ই চওড়া হয়ে উঠেছিল ড্রেসিংরুমে বসে থাকা সাকিব-রাজ্জাকদের হাসি!
মেঘলা কন্ডিশন। আকাশের মুখ যত গোমড়া হয়, পেসারদের হাসি ততই চওড়া হওয়ার কথা। কিন্তু উইকেটটা যেহেতু মিরপুরের, বাংলাদেশকে স্পিনের তিরেই বিদ্ধ করতে হবে নিউজিল্যান্ডকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর টেস্টের স্কোরকার্ডও বলছে সে কথাই। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের তিনটি উইকেট পড়েছে। তিনটিই স্পিনারের। আরও সুনির্দিষ্ট করে বললে সাকিব আল হাসানের।
পরিসংখ্যানও বলছে, ২৮২ রানে অলআউট বাংলাদেশের একমাত্র আশা এখন স্পিন। এত অল্প পুঁজি নিয়েও বাংলাদেশ লিড পাবে কি না, কিংবা নিউজিল্যান্ডের লিডটাকে স্পর্শগ্রাহ্য দূরত্বেই আটকে দিতে পারবে কি না, সেটা নির্ভর করছে বাংলাদেশের স্পিনারদের ওপরই।
মিরপুরে এটি দশম টেস্ট। সার্বিক পরিসংখ্যান বিবেচনায় অবশ্য এ মাঠে পেস বনাম স্পিনারে লড়াইটা প্রায় সেয়ানে-সেয়ানেই। এ মাঠে উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে স্পিনাররা একটু এগিয়ে, কিন্তু সেটা সামান্যই। স্পিনাররা এ মাঠে নিয়েছেন ১৩৭ উইকেট, পেসাররা ১৩৩টি। তবে বাংলাদেশের ক্ষেত্রে ছবিটা অন্য রকম। এখানে স্পিনাররাই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের বোলিং আক্রমণের। আরও সুনির্দিষ্ট করে বললে এখানেও আছেন সাকিব। সাকিবের ১১১টি টেস্ট উইকেটের ৩১টিই এ মাঠে।
বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব স্পিনারদের কাঁধে সেই শুরু থেকেই। মাশরাফি বিন মুর্তজা ছাড়া বাংলাদেশ সেই অর্থে তারকা পেসারের জন্মও দিতে পারেনি। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এখন পর্যন্ত তাই ৬৬টি উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা, পেসারা নিয়েছেন ৩৪টি।
এ মাঠে স্পিনারদের দাপটটা বেশি সুস্পষ্ট হয়েছে সর্বশেষ পাঁচ টেস্টে। চলতি টেস্টটি ধরে এই পাঁচ ম্যাচে বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন ৪৪টি উইকেট। অন্যদিকে পেসাররা ৯টি। শুধু বাংলাদেশ নয়; সব দল মিলিয়ে মিরপুরে সর্বশেষ পাঁচ টেস্টে ৮৪টি উইকেট এসেছে স্পিনে। পেসাররা নিয়েছেন ৫৬টি।
আরেকটি ভালো উদাহরণ হতে পারেন কিউই স্পিনার সোধিই। গত ম্যাচে অভিষিক্ত সোধি তাঁর প্রথম টেস্টে একেকটি উইকেট নিতে কী ঘামটাই না ঝরিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে চট্টগ্রামে ১৬৯ রানে ৩ উইকেট নেওয়া সেই সোধি এবার ৫৯ রানেই নিয়েছেন ৩ উইকেট। ৫ উইকেট নেওয়া নিল ওয়াগনারের সঙ্গে কাঁধ মিলিয়ে সোধিই বাংলাদেশকে আটকে দিয়েছেন তিন শর নিচে।
আজ চা-বিরতির সময় মিরপুরের এক পশলা বৃষ্টি, ভিজে যাওয়া মাঠ হয়তো খেলা শুরুর পর অধিনায়ক মুশফিককে পেসারদের হাতে বল তুলে দিতে প্রলুব্ধ করবে। তবে পরিসংখ্যানকেই যদি ভরসা মানতে চান, মুশফিকের উচিত হবে স্পিনারদের দিকে তাকানো। এ ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট করে বললে সাকিবের দিকেই!