বধ হওয়ার মিছিলে সেরেনাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির ক্যাপশন: সেরেনাকে হারানোর মুহূর্তটি যেন অবিশ্বাস্য ঠেকছে লিসিকির ছবি: রয়টার্স
ছবির ক্যাপশন: সেরেনাকে হারানোর মুহূর্তটি যেন অবিশ্বাস্য ঠেকছে লিসিকির ছবি: রয়টার্স

এবারের উইম্বলডনে ‘দৈত্যবধে’র মিছিলে যোগ হলো সেরেনা উইলিয়ামসের নাম। জার্মানির সাবিনা লিসিকির কাছে হেরে তিনি ইতি ঘটিয়েছেন নিজের ষষ্ঠ উইম্বলডন-স্বপ্নের। নাদাল, ফেদেরার, শারাপোভার পর সেরেনার বিদায় এবারের উইম্বলডনকে বানিয়েছে অঘটনের মঞ্চ।

১৬টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আছে তাঁর, মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও তাঁর; দারুণ ছন্দে থাকা সেরেনাকে এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শীর্ষ বাছাই হেরে গেলেন র্যাঙ্কিংয়ের ২৩তম স্থানে থাকা এক অখ্যাত তরুণীর কাছে। খেলাধুলার মজাটা বোধ হয় এই জায়গাতেই।

ম্যাচের আগে সেরেনার জয় নিয়ে কোনো সংশয়ই ছিল না। সেন্টার কোর্টে মার্কিন পাওয়ার গার্লের সামনে লিসিকি দাঁড়াতেই পারবেন না—এমন কথাবার্তাও শোনা যাচ্ছিল। কিন্তু কার্যত, সেরেনাই খেলতে পারলেন না নিজের খেলাটা। আড়ষ্ট লড়াইয়ে শেষ অবধি তাঁর হার ৬-২, ৬-১, ৬-৪ সেটে। সেরেনার ক্ষেত্রে এই হার ‘শোচনীয়’ তো বটেই।

লিসিকিকে নিয়ে আলোচনা না থাকলেও মেয়েদের টেনিসে নাকি সেরেনার পরই সবচেয়ে জোরালো সার্ভিস তাঁর। সার্ভের শক্তিটা থাকায় সেরেনাকে চ্যালেঞ্জ জানাতে তাঁর বেগ পেতে হয়নি। মূলত বিশ্বের শীর্ষ বাছাই টেনিস তারকার বিরুদ্ধে লিসিকির অস্ত্র ছিল ভয়-ডরহীন লড়াই।

সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ট্রেসি অস্টিনও লিসিকির সাহসী লড়াইকেই মূলত এই জয়ে কৃতিত্ব দিতে চান, ‘লিসিকি কাল নিজের খেলাটা অন্য স্তরে নিয়ে গিয়েছিল। পুরো খেলায় তাঁর পারফরম্যান্স ছিল দ্বিধাহীন; সেই সঙ্গে অসাধারণ।’

পরাজয়ে হতভম্ব হলেও বিজয়ীকে কৃতিত্ব দিচ্ছেন সেরেনা, ‘লিসিকি আজ দারুণ খেলেছে। আসলে ওর হারানোর কিছু ছিল না। সে পুরো খেলায় ছিল প্রচণ্ড আক্রমণাত্মক। যখন কারও হারানোর ভয় থাকে না, তখন সে আক্রমণে নিজের সর্বশক্তি প্রয়োগ করে।’

সেরেনার বিপক্ষে জয় পেয়েছেন। ব্যাপারটি কৃতিত্বের হলেও নিজের কীর্তিই যেন এখনো বিশ্বাস হচ্ছে না লিসিকির, ‘অবিশ্বাস্য! আমি সেরেনাকে হারিয়েছি। ভেতরে ভেতরে আমি উত্তেজনায় এখনো কাঁপছি।’ রয়টার্স।