গত রোজার ঈদের পর বাফুফের সিলেট একাডেমির সংস্কারকাজ শুরু হয়ে তা বন্ধ ছিল এক মাস। পরশু কাজ শুরু হলেও ঢিমেতালেই চলছে সব।
চার ধরনের সংস্কারকাজ—আসবাবপত্র, রং, বন-জঙ্গল পরিষ্কার এবং দুটি মাঠ পূর্ণাঙ্গভাবে তৈরির কাজ শুরু করতেই পোড়ানো হয়েছিল অনেক কাঠখড়। অর্থ মন্ত্রণালয় এ বাবদ দুই কোটি টাকা বরাদ্দ করলেও সেই টাকা শেষ পর্যন্ত পাওয়া না যাওয়ায় থমকে যায় একাডেমির কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৪০ শতাংশ কাজ করে একটি টাকাও না পেয়ে নিজেদের গুটিয়ে নিয়েছিল, শেষ পর্যন্ত টাকা পাওয়ার আশ্বাসে তারা কাজে ফিরেছে।
আসবাবপত্র সরবরাহের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান বাফুফে সদস্য আলমগীর খান কাল বলছিলেন, ‘সব কাজ শেষ হলে তবেই আমরা ফার্নিচার সরবরাহ করব। রং, প্লাস্টার, মোজাইকের কাজ অনেকটাই এগিয়ে গেছে। দুটি মাঠ সংস্কারের কাজও অর্ধেকের মতো শেষ। মাস দুয়েক আগে বিকেএসপি গিয়ে আমরা তা দেখে এসেছি। কিন্তু এই কাজগুলোর ঠিকাদারি প্রতিষ্ঠান এনএসসিতে বিল দিয়ে বিল পায়নি। যে কারণে ওরা কাজ বন্ধ করতে বাধ্য হয়।’
জানা গেছে, অর্থবছর শেষ হয়ে যাওয়ায় অর্থ মন্ত্রণালয় থেকে ওই দুই কোটি টাকা ছাড় হয়নি। এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টাকাটা আনার চেষ্টা করছে। টাকা না পেলে ক্রীড়া মন্ত্রণালয় নিজস্ব তহবিল থেকেই দুই কোটি টাকা দেবে, এমনটাই তারা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং বাফুফেকে।
গতকাল এই খবর দিয়ে বাফুফের একাডেমি দেখভালের দায়িত্বে থাকা ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায় জানালেন, ‘আমরা এনএসসিতে খবর নিয়ে জেনেছি, বন্ধ থাকা কাজ শুরু হয়েছে কাল (পরশু)। এনএসসি নিজস্ব তহবিল থেকেই টাকা দেবে এখন। আশা করি, বাকি কাজ দ্রুতই শেষ হয়ে যাবে।’
কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় প্রায় চার বছর হতে চললেও চালু করা যায়নি একাডেমি। অব্যবহূত সিলেট বিকেএসপিতে একাডেমি গড়ার জন্য ২০০৯ সালের ৩০ ডিসেম্বর ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে চিঠি দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নানা দেনদরবার শেষে বাফুফের সঙ্গে এ নিয়ে ২০১১ সালের ১৮ ডিসেম্বর চুক্তি করেছে এনএসসি। গত বছর ২২ এপ্রিল সিলেট বিকেএসপি এনএসসির কাছ থেকে বুঝে পায় বাফুফে। গত বছর ২৮ জুলাই সিলেট বিকেএসপির প্রয়োজনীয় সংস্কারকাজ করে দেওয়ার জন্য মন্ত্রীর কাছে চিঠি পাঠান সালাউদ্দিন।
তারই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের দুই কোটি টাকা বরাদ্দের খবরে এনএসসির নড়েচড়ে বসা। কিন্তু হলে কী হবে, কাজের দরপত্র তিনবার বাতিল করে গোটা প্রক্রিয়াটা দীর্ঘসূত্রতার জালে জড়িয়ে ফেলে প্রতিষ্ঠানটি। এনএসসির কাজ শুরু করতে দেরি হওয়ায় ক্ষুব্ধ সালাউদ্দিন প্রশ্ন তুলেছিলেন, ‘সরকারি এই প্রতিষ্ঠান ক্রীড়া উন্নয়নে কোনো ভূমিকা না রাখতে পারলে এটির প্রয়োজন কী?’ তখনই এক মাসের মধ্যে সব কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী।
সেই এক মাস পেরিয়ে তিন মাস হতে চলেছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একাডেমির কাজ কবে শেষ করা যাবে সেটি ধোঁয়াশাচ্ছন্ন। অথচ এই একাডেমিকে ‘গোল প্রকল্প’ হিসেবে ফিফা ঘোষণা করেছে গত বছর ২৭ মার্চ। গত বছরই ৬ মার্চ ঢাকায় এসে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার একাডেমির জন্য ফিফা থেকে আর্থিক অনুদানের ঘোষণা দেন। এ খাতে ফিফা সাত লাখ ডলার দিচ্ছে বাংলাদেশকে, যার প্রথম পর্বের তিন লাখ ডলার দুই কিস্তিতে গত বছরের শেষ এবং এ বছরের শুরুতে এসেও গেছে বাফুফের হাতে।
ফিফা প্রতিনিধির উপস্থিতিতে একাডেমির জন্য গত ডিসেম্বরে প্রায় ৫৬ জন কিশোর ফুটবলার বাছাই করে রাখা হয়েছে বাফুফের পক্ষ থেকে। নয় মাস পেরিয়ে ওই ছেলেরা এখন হতাশ। রেনে কোস্টারকে একাডেমির প্রধান কোচ করে এনেও তাঁকে কাজ দেওয়া যাচ্ছে না। ডাচ এই কোচকে যুক্ত করা হয়েছে জাতীয় দলের সঙ্গে। কোস্টার হতাশা ব্যক্ত করে ইতিপূর্বে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি অপেক্ষায় আছি কবে এটা চালু হবে।’
তৃণমূল ফুটবল শক্তিশালী করতে আরও ১৫ বছর আগেই একাডেমি করেছে নেপালের মতো দেশ। সেই ফলও তারা পাচ্ছে এখন। আর বাংলাদেশ এত দিন ধরেও একটা একাডেমির অবকাঠামো ঠিক করতে পারেনি।