পুলে যতটা না লড়াই করতে হয়েছে, ক্যামেরন ভ্যান ডার বার্গকে তার চেয়েও বেশি বেগ পেতে হলো সাঁতার শেষ করে আবেগ নিয়ন্ত্রণ করতে। দুই হাতে প্রাণপণ চেষ্টা করেও হাসি আড়াল করতে পারছিলেন না। এক সাঁতারেই যে ইতিহাসের কয়েকটি পাতায় দাগ দিয়েছেন!এর আগে অলিম্পিক সাঁতারের ব্যক্তিগত ইভেন্টে দক্ষিণ আফ্রিকা সোনা জেতেনি কখনোই। পরশু অতীতের সেই ধারায় ছেদ টেনে দেশের প্রথম সাঁতারু হিসেবে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন ভ্যান ডার বার্গ। বিশ্ব রেকর্ড গড়ে। ইভেন্টে আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান সাঁতারু ব্রেন্টন রিকার্ডের অধিকারে। ২০০৯ সালে তিনি সময় করেছিলেন ৫৮.৫৮ সেকেন্ড। সেটা টপকে ভ্যান ডার বার্গ পরশু সময় করেছেন ৫৮.৪৬ সেকেন্ড। এবারের লন্ডন অলিম্পিকে তাঁর হাত ধরেই দক্ষিণ আফ্রিকা পেল প্রথম সোনা।ভ্যান ডার বার্গের ইতিহাস গড়ার দিনটি জাপানি সাঁতারু কোসুকে কিতাজিমার কেটেছে হতাশায়। ২০০৪ ও ২০০৮ আগের দুই অলিম্পিকেই সোনাজয়ী কিতাজিমা এবার জিতলে ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে টানা তিনটি অলিম্পিকে সোনা জয়ের রেকর্ড গড়ে ফেলতেন। সোনা দূরের কথা, ২৯ বছর বয়সী জাপানি কোনো পদকই পাননি। পঞ্চম স্থানে থেকে শেষ করেছেন সাঁতার। পদক পাননি আগের বিশ্ব রেকর্ডের মালিক রিকার্ডও। তবে তাঁর স্বদেশি ক্রিস্টিয়ান স্প্রেঙ্গার জিতেছেন রুপা, ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রেন্ডান হ্যানসেন।পুলে যেমন বাকি সবাইকে ছাপিয়ে যাওয়া ভ্যান ডার বার্গের উচ্ছ্বাসটাও সবার চেয়ে আলাদা, ‘আজ রাতে আসার সময় আমি নিজেকে বলেছিলাম, “একজন মানুষ তার তারকাখ্যাতি বদলাতে পারে, আজ রাতে তুমি তোমার নিজের ভাগ্যটা লিখতে পারো।” আমার সুযোগ ছিল এবং আমি তা পেরেছি।’ ভ্যান ডার বার্গ বিস্ময় উপহার দিয়েছেন জয়ের পরেও। ক্যারিয়ারের বড় সাফল্য মানুষ স্বভাবত উৎসর্গ করেন কাছের মানুষকেই। ভ্যান ডার বার্গ সোনাটা উৎসর্গ করেছেন নরওয়ের সাবেক সাঁতারু আলেক্সান্ডার ডেল ওয়েনকে। যিনি গত এপ্রিলেই আরিজোনায় অনুশীলন ক্যাম্পে হার্ট অ্যাটাকে মারা গেছেন। প্রতিদ্বন্দ্বী থেকে পরে তাঁরা ছিলেন অনুশীলন সঙ্গী। ভ্যান ডার বার্গের দাবি, ওপারে বসে ডেল ওয়েনই তাঁকে পুলে সোনা জয়ের অনুপ্রেরণা জুগিয়েছেন, ‘আজকের রাতে আমি শুধু ডেল ওয়েনকে শ্রদ্ধা জানাব, আমি জানি, সে এই বছর আমার সঙ্গে আছে এবং আমি মনে করি সে আমাকে এমন দাপটে প্রতিযোগিতা শেষ করতে সাহায্য করেছে।’ লন্ডনে আসা ডেল ওয়েনের বান্ধবী, বাবা-মায়ের সঙ্গে কথাও বলবেন ভ্যান ডার বার্গ। এএফপি।