বন্ধু, কী খবর বল্!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে সেকাল-একাল। আজীবন সম্মাননা পুরস্কারজয়ী রাইসউদ্দিনের সঙ্গে বর্ষসেরা শিলা, বর্ষসেরা উদীয়মান মিরাজ, বর্ষসেরা রানারআপ মাবিয়া ও বর্ষসেরা নারী ক্রীড়াবিদ কৃষ্ণা l প্রথম আলো
এক ফ্রেমে সেকাল-একাল। আজীবন সম্মাননা পুরস্কারজয়ী রাইসউদ্দিনের সঙ্গে বর্ষসেরা শিলা, বর্ষসেরা উদীয়মান মিরাজ, বর্ষসেরা রানারআপ মাবিয়া ও বর্ষসেরা নারী ক্রীড়াবিদ কৃষ্ণা l প্রথম আলো

‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে...বন্ধু কী খবর বল্!’ রাস্তায়ও নয়, অফিস এলাকায়ও নয়। শফিকুল ইসলাম মানিক আর জসিমউদ্দিন জোসির দেখা হয়ে গেল ছাদের নিচেই, নগরের একটি পাঁচতারকা হোটেলের বলরুমে। প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে এসে। দুজন দুজনকে আলিঙ্গনে বাঁধলেন। আনন্দে ভেসে গেলেন। মেতে উঠলেন পুরোনো দিনের গল্পে।
মানিক-জোসির উচ্ছ্বাস দেখে পাশ থেকে কে একজন প্রশ্নের সুরে বললেন, বহুদিন পর বুঝি দেখা হয়েছে? নাগরিক জীবনের এই ব্যস্ততার মাঝে সাবেক সতীর্থ বা পুরোনো বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ফুরসত কোথায়! প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠান খেলার বিকেল সেই সুযোগ এনে দেয় প্রতিবছর। দিনটির জন্য চাতকের মতো অপেক্ষা করে থাকেন জাতীয় দল ও মোহামেডানের সাবেক ফুটবলার জোসি, ‘আমার কাছে তো বটেই, মনে হয় এই অনুষ্ঠান সাবেক ও বর্তমান সব খেলোয়াড়ের জন্যই দারুণ এক বিষয়। আমরা এটির জন্য অপেক্ষায় থাকি।’ মানিক আরও একধাপ এগিয়ে রাখলেন, ‘এই অনুষ্ঠানে আমি বারবার আসি। আমার কাছে এটা প্রাণের মেলা।’
সত্যিই তা-ই। প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান দারুণ এক মিলনমেলা। যে মেলা এক বিকেলে এক ছাদের নিচে জড়ো করে ক্রীড়া জগতের সেকাল-একালকে। বয়সকে তুড়ি মেরে তাই ছুটে আসেন অশীতিপর জহিরুল হক। প্রতিবছরের মতো এবারও এলেন ষাটের দশকের মাঠ কাঁপানো এই ফুটবলার। সাবেক ফুটবলার গোলাম সরোয়ার টিপু, জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, বাদল রায়ের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন। জমাট আড্ডায় তখন ফিরে এসেছে বাংলাদেশের ফুটবলের সোনালি অতীত। কথার মাঝে প্রতাপ শঙ্কর বলে উঠলেন, ‘জহির ভাই, আপনার খুশি দেখে ভালো লাগছে।’ সবাইকে থামিয়ে জহিরুল হকও জানালেন তাঁর আনন্দের কারণ, ‘তোমাদের সঙ্গে দেখা হয় বলেই কষ্ট করে হলেও প্রতিবছরই এই অনুষ্ঠানে আসি। এই অনুষ্ঠানের দাওয়াত পেলে বয়সের কথা ভুলেই যাই।’
অনুষ্ঠানকক্ষের বাইরে তখন বিকেলের মৃদু আলোর আভা। সেই আভায় উজ্জ্বল লাগছিল কথার কাকলিতে মেতে ওঠা বাংলাদেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু, সাবেক অ্যাথলেট ও বর্তমানের ক্রীড়া সংগঠক কামরুন্নাহার ডানা, মেয়েদের সাঁতারে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম পদক জেতা লায়লা নূরের মুখ। অনুষ্ঠান কেমন লাগছে, জানতে চাইলে ডানা পাল্টা প্রশ্নই করে বসেন, ‘কেমন লাগে বুঝতে পারছেন না? প্রতিবছর কেন ছুটে আসি? এভাবে একসঙ্গে সবাইকে আর কোথায় পাব?’
কেউ অনুষ্ঠান শুরুর অনেক আগেই এসে গেছেন, কেউ বা একটু পরে। তবে যে যখনই অনুষ্ঠানকক্ষে ঢুকেছেন, মিলে গেছেন মহামিলনের আনন্দস্রোতে। খেলার বিকেলে সাবেকরা আসেন অতীত খুঁজতে। নতুনেরা আসেন ভবিষ্যতের প্রেরণা কুড়িয়ে নিতে। শটপুটার হাজেরা আক্তার সঙ্গে নিয়ে এসেছিলেন তাঁর আট মাস বয়সী ছেলেকে। ছেলে মায়ের কোলে বসে উসখুস করছিল। ছেলেকে শান্ত করতে করতেই পাশেরজনকে বলছিলেন, ‘এখন থেকেই দেখুক। খেলোয়াড় যদি হয়, তাহলে যেন একদিন বর্ষসেরার পুরস্কার হাতে নিতে পারে!’