বন্ধু, তাড়াতাড়ি সেরে ওঠো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি , নেইমার
মেসি , নেইমার

বছরজুড়ে তাঁরা সতীর্থ, বার্সেলোনার হয়ে একজনের সাফল্য আরেকজনের ওপর নির্ভর করে অনেকটাই। তবু জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী। দলগত লড়াইয়ের পাশাপাশি চলে আসে ব্যক্তি সাফল্যের প্রতিদ্বন্দ্বিতাও। তবে দিনশেষে দুজনই তো পেশাদার ফুটবলার। জীবন বলতে সেই এক শ বিশ বাই আশি গজের সবুজ মাঠটাই। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে পরশু ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল। টানা দুটি কোয়ার্টার ফাইনালের ব্যর্থতা মুছে শেষ চারে ওঠা—ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের কাছাকাছি যাওয়া। কিন্তু ব্রাজিলকে যে হাসতে দিচ্ছে না নেইমারের চোট। আর এই চোট বার্সা সতীর্থের বিশ্বকাপ শেষ করে দেওয়ায় মন খারাপ লিওনেল মেসির। তাড়াতাড়ি সেরে উঠুন ব্রাজিল স্ট্রাইকার, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন অধিনায়কের। ‘নেইমার, বন্ধু আশা করি তুমি তাড়াতাড়ি সেরে উঠবে’—নিজের ফেসবুক পেজে লিখেছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।
পরশু কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার কড়া ট্যাকলে মেরুদণ্ডের হাড়ে আঘাত পেয়ে নেইমার যখন মাঠ ছাড়লেন, খেলা শেষ হওয়ার তখন মাত্র দুই মিনিট বাকি। ম্যাচ সেলেসাওরা ২-১ গোলে জিতলেও তাই স্বস্তি ছিল না ব্রাজিল শিবিরে। সেই অস্বস্তি ছুঁয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা শিবিরকেও। ব্রাসিলিয়ায় বেলজিয়ামের সঙ্গে কাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনাও প্রার্থনায় ছিল, নেইমারের মতো তাদের প্রাণভোমরা মেসিকে যেন এমন অশুভ কিছু আঁকড়ে না ধরে। ফুটবল জীবন-মৃত্যু থেকেও বেশি কিছু—কথাটা এমনি এমনিই বলেননি লিভারপুলের কিংবদন্তি কোচ বিল শ্যাঙ্কলি! তথ্যসূত্র: এএফপি, গোলডটকম।