বন্ধু তুমি...
ড্রেসিংরুমের সিঁড়ি কথা বলার জন্য উপযুক্ত জায়গা নয়। দলের অন্যদের অনুশীলন শেষ করে আসতে দেখে ঝটপট ওপরে উঠে গেলেন ভুসিমুজি সিবান্দা আর শন উইলিয়ামস। তবে দুই বন্ধুর বন্ধুত্বের একটা টুকরো ছবি মিলে গেল ওটুকু কথোপকথন থেকেই—
আপনারা নাকি খুব ভালো বন্ধু...
শন উইলিয়ামস: না না, এটা মানুষ বলে। আসলে তা না। আমি ওকে ঘৃণা করি। আমি ভালো মানুষ, আর ও খারাপ...হা হা হা!
ভুসিমুজি সিবান্দা: হ্যাঁ, আসলেই...ফালতু কথা। আমরা মোটেও ভালো বন্ধু নই...।
তাই...কিন্তু শুনলাম যে বুলাওয়ে এলে আপনি উইলিয়ামসের বাসাতেই ওঠেন...
সিবান্দা: (হাসি) এটা অবশ্য ঠিক। এখানে এলে প্রায়ই ওর বাসায় থাকি। একসঙ্গে ঘুরি, গল্প করি।
কেন ওখানেই ওঠেন?
সিবান্দা: ও আমার খুব ভালো বন্ধু তো তাই, হা হা হা...। আসলে ওর ওখানেই থাকলে সুবিধা হয় আমার। আর আজ পর্যন্ত উইলিয়ামসও বলেনি যে আমার বাসায় এসো না। (দুজনেরই হাসি)
কবে থেকে এত ভালো বন্ধুত্ব আপনাদের?
উইলিয়ামস: যখন থেকে আমি খেলা শুরু করি। (সিবান্দার দিকে তাকিয়ে) ২০০৪ সাল হবে মনে হয় তাই না? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সময় থেকে বন্ধুত্বের শুরু। ‘এ’ দলেও একসঙ্গে খেলেছি।
সিবান্দা: হ্যাঁ, তখন থেকেই মনে হয়। ওভাবে সময়টা মনে নেই।
বন্ধুদের মধ্যে তো অনেক মজার ঘটনা হয়। আপনাদের সে রকম কিছু নেই?
উইলিয়ামস: কতই তো আছে। তবে বেশির ভাগই ক্রিকেট নিয়ে। শেষ ওয়ানডেতে যে রকম ওর সেঞ্চুরির জন্য আমি রান নিচ্ছিলাম না। আমার জন্যই তো সেঞ্চুরিটা পেল ও! হা হা হা। (হাসছেন সিবান্দাও)।
সিবান্দার সঙ্গে এত উষ্ণতার কারণ কী? তাঁর কোন দিকটা আপনার ভালো লাগে?
উইলিয়ামস: কিছুই না। বললাম না, আমি ভালো ও খারাপ! আমাদের মধ্যে মিল খুব একটা নেই। তবে একসঙ্গে থাকলে বেশ জমে।
সিবান্দা: মানুষ হিসেবে আমরা দুজন পুরোপুরি দুই রকম। কিন্তু খুব ভালো বন্ধু। সেটা কেন, কেউ জানি না।
টি-টোয়েন্টি সিরিজ তো শুরু হচ্ছে। ২-০-তেই জিততে চান নিশ্চয়ই?
উইলিয়ামস: অবশ্যই। সম্ভবত এই সিরিজের সেরা উইকেটেই খেলা হবে কাল। অনেক রান হবে। তবে টেস্ট, ওয়ানডে খেলে বেশ ক্লান্ত। শরীর ঠিক রাখতেই অনেক কিছু করতে হচ্ছে।