বন্ধু, তোমার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার জার্সি গায়ে আবিদাল ও আলভেজ  ফাইল ছবি
বার্সেলোনার জার্সি গায়ে আবিদাল ও আলভেজ ফাইল ছবি

একজনের বয়স ৩৪, আরেকজনের ৩০। তবে বয়সের এই ফারাকটা কোনো বাধাই ছিল না। বয়সের ব্যবধান ঘুচিয়ে এরিক আবিদাল ও দানি আলভেজ হয়ে উঠেছিলেন প্রাণের বন্ধু। তাঁদের সেই সম্পর্কটা আসলে কতটা গভীর সেটা জানা গেল এত দিনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে দুজন যেন হয়ে গিয়েছিলেন এক আত্মা। আবিদালের উপলব্ধিতে তাঁদের সম্পর্কটা আসলে বন্ধুত্বের চেয়েও বেশি।
প্রমাণ মেলে একটা তথ্যেই। বন্ধু আবিদালের জীবন বাঁচাতে নিজের যকৃৎটাই দিতে চেয়েছিলেন আলভেজ! প্রকৃত বন্ধু নাকি বন্ধুর জন্য জীবনটাও দিয়ে দিতে পারে। বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিজের জীবনের ঝুঁকি নিয়েও প্রমাণ করতে যাচ্ছিলেন সেটাই।
মরণব্যাধি ক্যানসারের কারণে যকৃৎটাই পাল্টে ফেলতে হয়েছে আবিদালকে। আবার কোনো দিন ফুটবল মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু সব সংশয় জয় করে আবিদাল আবার পেশাদার ফুটবলে ফিরেছেন। তবে বার্সেলোনাতে তাঁর আর থাকা হয়নি। প্রিয় ন্যু ক্যাম্প, প্রিয় বন্ধুকে ছেড়ে আবিদাল যোগ দিয়েছেন স্বদেশি ক্লাব মোনাকোতে। তবে তাঁদের বন্ধুত্ব অটুটই আছে। বার্সেলোনায় নিজের ২ নম্বর জার্সিটি বাদ দিয়ে দানি আলভেজ বন্ধুর সম্মানে নতুন মৌসুমে বেছে নেন আবিদালের ২২ নম্বর জার্সিটি। ওয়েবসাইট।
কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বন্ধুত্বের জয়গানই করলেন আবিদাল, ‘আমার পুরোনো ২২ নম্বর জার্সিটা নেওয়ার চেয়েও দানির (আলভেজ) সঙ্গে আমার সম্পর্কটা আরও অনেক বড়। আমি যখন অস্ত্রোপচার করাতে যাই, সে আমাকে তার যকৃৎটা দান করতে চেয়েছিল। তার প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ ছিল না, কারণ সেও তো পেশাদার ফুটবলার। তবে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও অনেক বেশি গভীর।’
৩৪ বছর বয়সী আবিদালের ঠিকানা মোনাকো না হয়ে হতে পারত বায়ার্ন মিউনিখও। মোনাকো অধিনায়কই বলেছেন, তাঁর সাবেক কোচ পেপ গার্দিওলা তাঁকে নিতে চেয়েছিলেন, ‘গার্দিওলা চেয়েছিলেন আমি বায়ার্নে তাঁর সঙ্গে যোগ দিই। আমি তা প্রত্যাখ্যানও করিনি।’ কিন্তু স্বাস্থ্যগত কারণে বায়ার্নের পরিচালক ও চিকিৎসক দল রাজি না হওয়াতেই কোচ-ছাত্রের পুনর্মিলন হয়নি।