বন্ধু যখন শত্রু
একই সঙ্গে খেলেন। আনন্দ-বেদনা সবকিছুতেই তাঁরা সঙ্গী। খেলোয়াড়ি জীবনে তো বটেই, ব্যক্তিগত জীবনেও দুজন ভালো বন্ধু। তবে বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও দানি আলভেজের সম্পর্কটা আজ রাতের জন্য অন্তত ভুলে যান। আজ যে তাঁরা একের অন্যের প্রতিপক্ষ, শত্রু!কনফেডারেশনস কাপের ফাইনালে বাংলাদেশ সময় ভোররাত চারটায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্পেন। এই ম্যাচটিই বন্ধু থেকে শত্রুতে পরিণত করেছে ইনিয়েস্তা ও আলভেজকে। স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ইনিয়েস্তা যেমন চাইবেন ব্রাজিলের রক্ষণভাগ দুমড়েমুচড়ে দিতে, তেমনি ব্রাজিলীয় ডিফেন্ডার দানি আলভেজ চাইবেন চীনের মহাপ্রাচীরের মতো রক্ষণব্যূহ গড়ে ইনিয়েস্তাদের আক্রমণ ব্যর্থ করে দিতে। দেশের জন্য বন্ধু ইনিয়েস্তাকে আলভেজ ‘ফাউল’ করে বসলেও অবাক হওয়ার কিছু থাকবে না।ফাইনালে বন্ধু থেকে পরিণত হবেন শত্রুতে—এটিই নির্মম বাস্তবতা। তবে মাঠের লড়াইয়ের আগে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারগুলো মাথাতেই আনছেন না ইনিয়েস্তা-আলভেজরা। সবার মাথায় এখন একটাই ভাবনা, দলের জয়। ইনিয়েস্তার কথায়ও তা স্পষ্ট, ‘ব্রাজিলের খেলোয়াড়েরা দুর্দান্ত। প্রতিযোগিতায় দারুণ খেলছে ওরা। তবে আমরাও ভালো দল। আমাদেরও ভালো করার সামর্থ্য রয়েছে। এ কথা বলতে দ্বিধা নেই, আমরাই চ্যাম্পিয়ন হতে চলেছি।’ গোল ডটকমের খবর, শিরোপা জয়ের স্বপ্নে বিভোর দানি আলভেজও, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে আমরা খেলতে চলেছি। আশা করছি, ভক্তদের উত্সবে মেতে ওঠানোর মতো কিছু একটা করতে পারব।’শুধু ইনিয়েস্তা-আলভেজ নন, বন্ধু থেকে আজ রাতে শত্রুতে পরিণত হবেন অনেকেই। ফার্নান্দো তোরেস ও হুয়ান মাতার সঙ্গে ডেভিড লুইজ ও অস্কারের কথাই ধরুন। চেলসিতে তাঁরা একে অপরের পরিপূরক, কিন্তু আজ তাঁরা শত্রু। একইভাবে রিয়াল মাদ্রিদে কাঁধে কাঁধ রেখে খেললেও ইকার ক্যাসিয়াস-আলবিওল-রামোস-আরবেলোয়ার শত্রু হবেন ব্রাজিলীয় ডিফেন্ডার মার্সেলো। সম্প্রতি বার্সায় যোগ দিয়েছেন নেইমার। এখনো অবশ্য বার্সার জার্সি গায়ে মাঠে নামেননি ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। তবে বার্সায় নাম লেখানোর সুবাদেই ইনিয়েস্তা-জাভি-বুসকেটস-পিকে-পেদ্রোদের সঙ্গে ‘আত্মিক’ সম্পর্ক গড়ে উঠেছে নেইমারের। আজ শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামার পর তাঁদের কেউই হয়তো সেই সম্পর্কের কথাটা মনে রাখতে চাইবেন না। দেশের সাফল্যই যে সবার আগে!