মাত্র একটা বছরই একসঙ্গে খেলেছেন দুজন। গত বছর এভারটনে নাম লেখানোর আগে আয়াক্সের সাবেক ডিফেন্ডার জন হেইটিঙ্গা এক বছর খেলেছেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। সেখানেই ডিয়েগো ফোরলানের সঙ্গে পরিচয় হেইটিঙ্গার।অ্যাটলেটিকোতে এক বছর কাটিয়ে ২০০৯ সালে এভারটনে গেছেন। তবে এক বছরেই বন্ধুত্বে বরণ করে নেওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার ফোরলানকে ভুলতে পারেননি। যোগাযোগ রেখেছেন নিয়মিত। বন্ধুকে কি ভুলে থাকা যায়? বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হল্যান্ড-উরুগুয়ে। মুখোমুখি দুই বন্ধুও।বন্ধু ফোরলানকে আটকানোর দায়িত্বটা পড়েছে ডিফেন্ডার হেইটিঙ্গার কাঁধে। ম্যাচের আগে হয়তো বন্ধুকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু ম্যাচ শুরু হলে তাঁকে আটকানোর জন্য প্রয়োজন হলে ফাউলও করবেন। অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন হেইটিঙ্গা? সেটা পারবেন কি না, তা মাঠের লড়াইয়েই দেখা যাবে। আপাতত বন্ধু ফোরলানকে দিয়ে দিলেন বড় খেলোয়াড়ের মর্যাদা, ‘সে সত্যিই বড় খেলোয়াড়।’উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই হেইটিঙ্গার চোখে ভেসে উঠেছে বন্ধুর মুখখানা। মুখোমুখি হওয়া নিয়ে কিছুটা রোমাঞ্চিতই তিনি। সেই রোমাঞ্চের কথা ফোরলানকে জানাতে ভোলেননি হেইটিঙ্গা, ‘যখন আমি জানলাম, আমরা এই দুই দেশ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছি, তখনই একটি মুঠোফোন বার্তা পাঠিয়েছি আমি। কী ছিল আমার এসএমএসে? ডিয়েগো, দারুণ একটি ম্যাচই হতে চলেছে!’ব্রাজিলের বিপক্ষে কাকা-রবিনহো-ফ্যাবিয়ানোদের চ্যালেঞ্জে জিতেছেন হেইটিঙ্গা। এবার চ্যালেঞ্জের নাম ফোরলান। হেইটিঙ্গা কি এই চ্যালেঞ্জে জিততে পারবেন? ফোরলান যে দুর্দান্ত ফর্মেই আছেন এখন।ফোরলানের ফর্মে থাকার ব্যাপারটি মেনে নিচ্ছেন হেইটিঙ্গা, ‘ডিয়েগো দুই পায়েই দারুণ খেলে। উরুগুয়ে আর অ্যাটলেটিকো—দুই জায়গাতেই যে ও ভালো খেলে, এই বিশ্বকাপেই তার প্রমাণ রেখেছে।’ বন্ধুর প্রশংসা করলেও নিজেদের সম্ভাবনার কথাটাও ঠিকই জানিয়ে রেখেছেন এভারটন ডিফেন্ডার, ‘ব্যক্তিগতভাবে এই বিশ্বকাপটা আমার ভালো গেছে। এ পর্যন্ত দলও ভালো খেলেছে। আমরা আরও কিছু পেতে পারি।’ এএফপি।