বন্ধুকে অভিনন্দন
শচীন টেন্ডুলকার আর রজার ফেদেরারের সখ্যের কথা সবারই জানা। দুই ভুবনের দুই গ্রেটের বন্ধুত্ব কতটা গভীর সেটির প্রমাণ পাওয়া গেল আরও একবার। বন্ধু টেন্ডুলকারের বিদায় রাগিণী ছুঁয়ে যাচ্ছে ফেদেরারকেও। দুঃখ ভারাক্রান্ত হূদয়ে টেনিসের সর্বকালের অন্যতম সেরা টেন্ডুলকারকে জানিয়েছেন বিদায়ী অভিনন্দন। ক্রিকেট-পরবর্তী জীবনেও টেন্ডুলকারকে শুভ কামনা জানিয়েছেন।
ইডেন গার্ডেনসে কাল হয়েছে টেন্ডুলকারের শেষের শুরু। ঠিক তখনই লন্ডনে একটি ভারতীয় পত্রিকার সঙ্গে বিশেষ আলাপচারিতায় ফেদেরার করলেন টেন্ডুলকার-বন্দনা। টেন্ডুলকারের নাম বলতেই স্মিত হেসে ফেদেরারের উত্তর, ‘হেই, আমিও একজন ক্রিকেটার!’ পরে যোগ করেন, ‘ভেতরে ভেতরে।’ ফেদেরারের মা লিনেট দক্ষিণ আফ্রিকান। তাঁরও তাই ক্রিকেটের প্রতি টান থাকাটা স্বাভাবিক। টেন্ডুলকারের সঙ্গে বন্ধুত্ব সেই ভালোবাসাকে আরও গাঢ় করে থাকবে। বিদায়ী টেস্টের ভেন্যু হিসেবে টেন্ডুলকার বেছে নিয়েছেন ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে। বন্ধুর এই সিদ্ধান্তটাও দারুণ পছন্দ হয়েছে ফেদেরারের, ‘একজন গ্রেট খেলোয়াড়ের বিদায়টা সব সময়ই দুঃখের। আশা করি, বিদায়ী ম্যাচে সবকিছুই তার প্রত্যাশামতো হবে। সেটা তার প্রাপ্যও। তার ক্রিকেট-পরবর্তী জীবনটা সুন্দর হোক, এটাই আমার কামনা।’ ওয়েবসাইট।
বছর দুই আগে উইম্বলডনে সরাসরি গ্যালারিতে বসে ফেদেরারের খেলা দেখেছিলেন টেন্ডুলকার। ম্যাচ শেষে দুজনে একসঙ্গে চা খেয়েছিলেন, জমে উঠেছিল গল্পও। সেটা তো মনে আছেই, রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার বললেন, তিনিও টেন্ডুলকারের খেলা দেখেছেন, ‘ক্রিকেট হয়তো খুব বেশি পছন্দ নয়। তবে আমি টেলিভিশনে একাধিকবার তার খেলা দেখেছি। আমি গ্রেট অ্যাথলেটদের সঙ্গে সাক্ষাৎটা উপভোগ করি। সেটা ছিল আমার জন্য দারুণ অভিজ্ঞতা।’