বন্ধুকে আলীর শেষ বিদায়
একসময় বক্সিং রিংয়ে তো বটেই, রিংয়ের বাইরেও দুজনের দ্বৈরথ ছিল অনেকের কাছেই পরম প্রার্থিত। দুজনের লড়াই যে ছড়াত অন্য রকম মাদকতা। সত্তরের দশকে দুজনের তিন লড়াইয়ের সিরিজটি ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ নামে বিখ্যাত হয়ে আছে।সেই সব দিন গত হয়েছে অনেক আগেই। বক্সিংয়ের দুই সাবেক তারকাও খেলা ছেড়েছেন বহুদিন। আর এখন তো একজন জীবন-নদীরই ওপারে চলে গেছেন, চলে গেছেন সবকিছুর ঊর্ধ্বে। তবে নিজের সাবেক প্রতিদ্বন্দ্বী যে তাঁর অনেক কাছের একজনও ছিলেন, সেটাই যেন মনে করিয়ে দিলেন মোহাম্মদ আলী। পরশু ফিলাডেলফিয়ায় সদ্য প্রয়াত বক্সার জো ফ্রেজিয়ারের শেষকৃত্যানুষ্ঠানে এসে এই কিংবদন্তি করতালি দিলেন তাঁর স্মৃতিতে। অন্য সাবেক তারকাদের মধ্যে ছিলেন ল্যারি হোমসও। সশরীরে না এলেও ভিডিও বার্তা পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন মাইক টাইসন।ক্যানসার নামের ঘাতক ব্যাধির সঙ্গে লড়াই করে আর পেরে ওঠেননি। গত সেপ্টেম্বরে শনাক্ত হয়েছিল এই রোগ। জানা গিয়েছিল, মৃত্যু বাসা বেঁধেছে যকৃতে। মাত্র অল্প কদিনের মধ্যেই ৭ নভেম্বর মারা যান ‘স্মোকিন জো’।১৯৭১ থেকে ১৯৭৩ পর্যন্ত আলী ও ফ্রেজিয়ারের মধ্যে দারুণ আলোচিত তিন লড়াইয়ের প্রথমটিতে ফ্রেজিয়ার জিতলেও পরের দুটি জেতেন আলীই। সে সময় দুজনের মধ্যে বেশ কথার লড়াইও জমেছিল। কিন্তু জীবনের মঞ্চে বক্সিং রিং যে তুচ্ছ, সেটাই প্রমাণ করল ফ্রেজিয়ারের পরকাল যাত্রা। ওয়েবসাইট।