বন্ধুকে ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ফ্রেমটাকেই জীবন্ত ফিরে পেতে চাইছেন পোডলস্কি l ফাইল ছবি
এই ফ্রেমটাকেই জীবন্ত ফিরে পেতে চাইছেন পোডলস্কি l ফাইল ছবি

রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোশাকি৷ বন্ধুত্বের আটপৌরে কাপড়ের দুই-এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাঁটুর নিচে না পৌঁছিলেও পরিতে বারণ নাই৷ গায়ে দিয়া আরাম পাইলেই হইল৷’ বন্ধুত্বের সংজ্ঞা নিরূপণে এর চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে! জার্মান ফরোয়ার্ড পোডলস্কি বন্ধুত্বের একটা দৃষ্টান্তই গড়লেন৷ সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার দীর্ঘ ছয় মাস পর চেতনা ফিরে পেয়েছেন৷ পর্তুগালের বিপক্ষে ৪-০ গোলের বিধ্বংসী জয়টি পোডলস্কি উৎসর্গ করেছেন শুমাখারকেই৷
বেঁচে ছিলেন মৃতের মতোই৷ ফ্রান্সের আল্পস পর্বতের পাদদেশে স্কি করতে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন৷ রেসিং কার নিয়ে গতির ঝড় তুলতেন৷ সেই শুমাখারকে নিয়ে ফ্রান্সের গ্রেনোবেলসের এক হাসপাতালে যমে-মানুষে টানাটানি হয়েছে ১৮০ দিন! ধারণা করা হচ্ছিল, আমৃত্যুই হয়তো অচেতন থাকবেন৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিবু নিবু দীপশিখাটি জ্বলে উঠল৷ এখনো হয়তো পুরোপুরি আশঙ্কামুক্ত নন, তবে কালো মেঘের ছায়া কেটে গেছে অনেকটাই৷
বন্ধুর এই খবরে উচ্ছ্বসিত পোডলস্কি, ‘শুমাখার আমার খুবই ভালো বন্ধু৷ সে হাসপাতাল ছেড়েছে, এটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ খবর৷ তার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না৷’
ফুটবল তো একটি খেলাই মাত্র৷ আর বন্ধু তো রীতিমতো জীবনযুদ্ধে হারিয়ে দিয়েছে মৃত্যুকেই! পর্তুগালের সঙ্গে মহারণের আগে খবরটা আন্দোলিত করল পুরো জার্মান শিবিরকেই, ‘অবশ্যই এই খবর আমাদের নাড়া দিয়েছে৷ উৎসাহ জুগিয়েছে ভালো কিছু করার৷ আপনি যখন আপনার কোনো ভালো বন্ধু সম্পর্কে এমন খবর শুনবেন, তখন তা অবশ্যই আপনাকে অনুপ্রাণিত করবে৷’
কদিন আগে এফএ কাপের ফাইনালে শুমাখারের জন্য বিশেষ এক জোড়া জুতা পরে নেমেছিলেন মাঠে৷ এই বিশ্বকাপ জিতলে বন্ধুকে উৎসর্গ করবেন বলে জানিয়ে রেখেছেন পোডলস্কি৷ জয়তু বন্ধুত্ব! সূত্র: বিদেশি পত্রিকা৷