
পুরো শাপেকো রাজ্যে আজ সাধারণ ছুটি। ২০১৬ রিও অলিম্পিকে কাজ করা শিল্প নির্দেশক এডসন এর্দোমানকে ডেকে আনা হয়েছে বিভিন্ন আয়োজনের জন্য। চলছে মোটর শো, পোড়ানো হচ্ছে আতশবাজি। এই প্রতিবেদন যখন পড়ছেন, ততক্ষণে এই উৎসব-আয়োজনের অনেকটাই অবশ্য শেষ হয়ে যাওয়ার কথা। উৎসবটা কী? বাংলাদেশ সময় আজ ভোর সোয়া চারটায় যে মুখোমুখি হয়েছে শাপেকোয়েন্স ও অ্যাটলেটিকো ন্যাসিওনাল! রিকোপা সুদামেরিকানার প্রথম লেগে।
সেই শাপেকোয়েন্স ও অ্যাটলেটিকো! গত ডিসেম্বরেই যে দুটি দলের খেলার কথা ছিল কোপা সুদামেরিকানার ফাইনালের দুই লেগে। ম্যাচটা আর হয়নি দুর্ভাগ্যজনক ওই বিমান দুর্ঘটনার কারণে। ফাইনালের প্রথম লেগ খেলতে অ্যাটলেটিকোর মাঠ মেদেলিনে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে শাপেকোয়েন্স খেলোয়াড়দের বহনকারী বিমান। ৭৭ জন যাত্রীর ৭১ জনই প্রাণ হারান, যার মধ্যে শাপেকোয়েন্সের খেলোয়াড়, কোচ ও ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিক মিলিয়েই ছিলেন ১৯ জন!
সেই ধ্বংসাবশেষ থেকেই জেগে উঠেছে শাপেকোয়েন্স। শোকটাকে শক্তি বানিয়ে এই মৌসুমে নতুন শুরু করেছে, সই করিয়েছে ২২ জন খেলোয়াড়কে। তবে তাদের এই নতুন শুরুতে বড় অবদান অ্যাটলেটিকোরই। সুদামেরিকানার ফাইনাল না হওয়ায় দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলকে কলম্বিয়ার ক্লাবটি অনুরোধ করে, যেন ট্রফিটা শাপেকোয়েন্সকে দিয়ে দেওয়া হয়। যে ট্রফিই এবার দক্ষিণ আমেরিকান ‘চ্যাম্পিয়নস লিগ’ কোপা লিবার্তাদোরেসে খেলার সুযোগ করে দিয়েছে শাপেকোয়েন্সকে।
সুযোগ করে দিয়েছে এখন রিকোপা সুদামেরিকানাতে খেলারও। দুই লেগের এই টুর্নামেন্টটিতে খেলে কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন (২০১৬ সালে জিতেছিল অ্যাটলেটিকো) আর কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন (যে ট্রফি পেয়েছে শাপেকোয়েন্স)। এই টুর্নামেন্ট দুটি কী, বুঝতে সমস্যা হচ্ছে? ধরে নিন, প্রথমটা ‘চ্যাম্পিয়নস লিগ’ আর দ্বিতীয়টা ‘ইউরোপা লিগ’। রিকোপা সুদামেরিকানা হলো ‘উয়েফা সুপার কাপ’।
শাপেকোয়েন্স-ন্যাসিওনাল ম্যাচটা আর আট-দশটা ম্যাচের মতো নয়। এ ফুটবল ছাপিয়ে জীবনেরই জয়গান! শোক নয়, শাপেকো আজ সেই বন্ধুত্ব উদ্যাপন করছে। সে জন্যই তো অ্যাটলেটিকোর খেলোয়াড় ও কোচরা সোমবার শাপেকোতে আসার পর শাপেকোয়েন্সের অনেক সমর্থক রাস্তার দুধারে সারি বেঁধে বরণ করে নিয়েছেন তাঁদের। সবার দুহাতে দুই ক্লাবের পতাকা ধরা। অ্যাটলেটিকোর প্রত্যেক খেলোয়াড়-কোচের গলায় মেডেলও পরিয়ে দেওয়া হয়—কোপা সুদামেরিকানার ট্রফিটা ওভাবে উৎসর্গ করার জন্য কৃতজ্ঞতার স্মারক। এমন অভ্যর্থনায় মুগ্ধ হয়ে অ্যাটলেটিকো তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘শাপেকো অনেক করেছে। নিজেদের বাড়ি থেকে এত দূরে আমরা, অথচ আমাদের বরণ করা হলো নায়কের মতো! একটা মহাদেশীয় ফাইনাল, তবে তা ভাইদের মধ্যে। কৃতজ্ঞতা জানানোর মতো কোনো ভাষা নেই আমাদের।’
অ্যাটলেটিকোকে বহনকারী বিমানটা রানওয়েতে নামার পরের ঘটনাটাই এই ম্যাচের আসল বিজ্ঞাপন। বিমানটা রানওয়েতে থামতে না থামতেই দুদিক থেকে জলকামান থেকে পানি ছিটানো হয়। আর অ্যাটলেটিকোর খেলোয়াড়দের স্বাগত জানানো হয় এই বলে, ‘আমিগোস পারা সিয়েম্প্রে!’
বাংলায়? চিরদিনের বন্ধু! এনবিসিস্পোর্টস।