বন্ধুত্ব মাঠে, মাঠের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে দুই ঘনিষ্ঠ বন্ধু মোস্তাফিজ ও মিরাজ। ছবি: শামসুল হক
২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে দুই ঘনিষ্ঠ বন্ধু মোস্তাফিজ ও মিরাজ। ছবি: শামসুল হক

মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে এসেই উপহার দিয়েছেন বিস্ময়। দুই তরুণের হাত ধরে বাংলাদেশ পেয়েছে কিছু স্মরণীয় সাফল্য। সম্প্রতি ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মিরাজ এবং টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের পুরস্কার পেলেন মোস্তাফিজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড় মোস্তাফিজ ও মিরাজ মাঠের বাইরেও ঘনিষ্ঠ বন্ধু। ২৬ ফেব্রুয়ারি রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে মোস্তাফিজ-মিরাজকে পাওয়া গেল একসঙ্গে। আড্ডার ছলে উঠে এল অনেক ব্যক্তিগত বিষয়। এই দুজনের বন্ধুত্বের নানা কথা নিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদন।
কথা ছিল ২৬ ফেব্রুয়ারি দুজন একসঙ্গে ঢাকার বিসিবি একাডেমি ভবন থেকে রওনা দেবেন সোনারগাঁও হোটেলে। সেখানে রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান। কিন্তু একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় আগেভাগেই বের হন মেহেদী হাসান মিরাজ। মোস্তাফিজুর রহমান রওনা দেন খানিক পরে।
কারওয়ান বাজারে এসে পৌঁছাতেই মিরাজকে ফোন দেন মোস্তাফিজ। ‘মিরাজ দোস্ত’ মোবাইল ফোনের কন্টাক্টে বন্ধুর নামটা এভাবেই লিখে রেখেছেন বাঁহাতি পেসার। মোস্তাফিজ জানান, মিরাজের কণ্ঠটা একটু অন্য রকম শোনাচ্ছে, বেশ ঠান্ডা লেগেছে ওর। লাজুক মুখে বলেন, ‘এই ঠান্ডা লাগার পেছনে “দায়” আছে আমার। দুজন থাকি একই রুমে। আমি একটু এসি বাড়িয়ে ঘুমাই। মিরাজ আবার বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। ঘুমের ঘোরে ও কমায়, আমি বাড়াই। এটা করতে গিয়েই ঠান্ডা লেগে গেছে ওর।’
বিসিবি একাডেমি ভবনের ২০৪ নম্বর ঘর মোস্তাফিজ-মিরাজের ঠিকানা। খেলা-অনুশীলন না থাকলে ওখানেই কাটে তাঁদের অষ্টপ্রহর। দুজনে চাইলে ঢাকা শহরে আলাদা বাসা নিতে পারেন। কিন্তু বাসা নেওয়ার কোনো ইচ্ছা নেই তাঁদের। মোস্তাফিজের কথা, ‘আমার পরিবারের সবাই থাকে সাতক্ষীরায়। ছুটি পেলে সেখানে চলে যাই। ঢাকায় বাসা নিলে একা থাকতে হবে। সেটার কী দরকার? একাডেমিতে সময়টা ভালো কাটে। এখানে মিরাজ আছে। অন্য বন্ধুরা আছে। অনেক মজা হয়।’
ফোনে মিরাজকে মোস্তাফিজ জানিয়ে দেন তিনি তাঁর জন্য অপেক্ষা করবেন সোনারগাঁও হোটেলের সুইমিং পুলের পাশে। সেখান থেকে দুজন অনুষ্ঠানে যাবেন একসঙ্গে। তাঁকে রেখে যেন আগে অনুষ্ঠানে না ঢুকে পড়েন—মিরাজকে সাবধান করে দেন মোস্তাফিজ!
যথাসময়ে চলে আসেন মিরাজ। শুরু হয়ে যায় দুজনের খুনসুটি। কী এক কথায় দুম করে মিরাজের পায়ে কিল বসিয়ে দেন মোস্তাফিজ! ‘এত জোরে মারলি? আমি তো ইনজুরিতে পড়ে যাব!’ মিরাজের অনুযোগটা মোস্তাফিজ তোয়াক্কা করলে তো! বরং মুখে তাঁর দুষ্টুমির হাসি, যেন কাজটা তিনি ঠিকই করেছেন।

অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে মিরাজ-মোস্তাফিজ। ছবি: প্রথম আলো
অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে মিরাজ-মোস্তাফিজ। ছবি: প্রথম আলো

প্রথম পরিচয়
মোস্তাফিজের মনে পড়ে ছয় বছর আগের স্মৃতি। ২০১১ সাল। খুলনা। ‘ও তখন অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে খেলে এসেছে। আমি মাত্র সুযোগ পেয়েছি খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৬ দলে। সেবার দুজন একসঙ্গে খেলি খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৬ দলে। ওই সময় আমাদের কোচ ছিলেন প্রয়াত সালাউদ্দিন স্যার। তখন থেকেই মিরাজের সঙ্গে পরিচয়।’
প্রথম পরিচয়ের স্মৃতি মনে পড়তেই মিরাজের মুখে ছড়িয়ে পড়ে অমল আভা। ছয় বছর আগের মোস্তাফিজের চেহারাটা ভেসে ওঠে তাঁর স্মৃতিপটে। লিকলিকে এক পেসার তাঁকে প্রথম বলটা কীভাবে তেড়েফুঁড়ে করেছিল, অঙ্গভঙ্গি করে দেখান মিরাজ। লেগ স্টাম্পে করা মোস্তাফিজের বলটা সেদিন খেলতেই পারেননি তিনি, ‘ভীষণ জোরে করেছিল বলটা। তখন ওর বোলিংয়ের মূল শক্তিই ছিল জোরে বল করা। তবে ধারাবাহিকভাবে জায়গায় বোলিং করতে পারত না। একটা যেত লেগ স্টাম্পের বাইরে, আরেকটা অফ স্টাম্পের অনেক বাইরে। ধীরে ধীরে ওর বোলিং নিখুঁত হয়েছে। নতুন অনেক কিছু যোগ হয়েছে। তবে গত বছর ইনজুরিতে পড়ে গতিটা একটু কমে গেছে। সামনে ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’

দুই বন্ধুর আড্ডায় নিয়মিত যোগ দেন বাঁহাতি পেসার মেহেদী রানা
দুই বন্ধুর আড্ডায় নিয়মিত যোগ দেন বাঁহাতি পেসার মেহেদী রানা

জাতীয় দলে
দুজনই প্রায় কাছাকাছি সময়ে বয়সভিত্তিক ক্রিকেট শুরু করলেও মিরাজের আগে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। ক্রিকেটের তিন সংস্করণের আন্তর্জাতিক অভিষেকেই বাঁহাতি পেসার যে বিস্ময় উপহার দিয়েছেন, নতুন করে বলার দরকার নেই। তবে ফিজের দুর্দান্ত পারফরম্যান্স মিরাজের মনে স্বপ্নের বীজ বুনে দিয়েছে ঠিকই। কদিন আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সেটি তিনি বলেছেনও, ‘২০১৫ সালের জুনে ভারতের সঙ্গে ওয়ানডে অভিষেকেই চমকে দেয় মোস্তাফিজ। বলতে গেলে একাই ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়ে দেয়। মোস্তাফিজের ওই পারফরম্যান্স আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।...ভবিষ্যতে কী করব, সেটা তো আগে থেকে বলা যায় না। তবে মনে মনে ভেবেছি, কখনো যদি সুযোগ পাই, আমিও মোস্তাফিজের মতো এমন কিছু করার চেষ্টা করব।’
মিরাজ পেরেছেন। মোস্তাফিজের মতো তাঁর আন্তর্জাতিক অভিষেকটাও হয়েছে দুর্দান্ত। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি। বন্ধুর মতো দারুণ কিছু করতে চান, তার মানে এই নয় যে দুজন দুজনকে প্রতিদ্বন্দ্বী ভাবেন! তবে সমান্তরালে এগিয়ে যাওয়ার তাড়নাটা তাঁরা অনুভব করেন বেশ। প্রথম আলো ক্রীড়া পুরস্কারের কথাই ধরুন। গত বছর বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন মোস্তাফিজ, সেটা মিরাজ বেশ মনে রেখেছেন। এবার বর্ষসেরা উদীয়মানের পুরস্কার নিয়ে বলেছেন, ‘গতবার এ আয়োজনে মোস্তাফিজ পুরস্কার পেয়েছিল। এবার আমি পেলাম।’
খেলোয়াড় হিসেবে দলে দুজনের ভূমিকা দুই রকম। নিখুঁত লাইন-লেন্থ বোলিং, স্লোয়ার, কাটার, ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে খাবি খাওয়ানোই মোস্তাফিজের কাজ। আর মিরাজ জাদু দেখান অফ স্পিনে, কখনো বা বুক চিতিয়ে লড়েন ব্যাট হাতে। ক্রিকেটীয় পারদর্শিতা ভিন্ন হলেও মানুষ হিসেবে দুজনের সাদৃশ্য অনেক।

২৬ ফেব্রুয়ারি রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে মিরাজ ও মোস্তাফিজ
২৬ ফেব্রুয়ারি রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে মিরাজ ও মোস্তাফিজ

খেলার বাইরে দুজনই বেশ ঘরকুনো। যদিও তারকাখ্যাতি জুটে যাওয়ায় এখন নানা সামাজিক ও বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিতে হয় তাঁদের। তবে দুজনের জীবনদর্শন খুব সাধারণ। অল্প বয়সে বিরাট সাফল্য, দ্রুত পাদপ্রদীপের আলোয় চলে আসা, মানুষের বিপুল আগ্রহ—এসবের কিছুই তাঁদের খুব একটা স্পর্শ করে না। দুজনের সব চিন্তা মাঠের পারফরম্যান্স নিয়ে, ক্রিকেট তাঁদের
মর্মের গভীরে।
একে অপরকে মূল্যায়ন করতে বলা হয় দুজনকে। মোস্তাফিজের চোখে মিরাজের সবচেয়ে বড় গুণ, ‘ওর মনটা অনেক বড়। খুব মিশুক। সবার সঙ্গে দারুণভাবে মিশতে পারে।’ আর মিরাজের চোখে মোস্তাফিজ হচ্ছেন, ‘ভীষণ সহজ-সরল মানুষ। ওর সারল্যটাই সবচেয়ে বেশি ভালো লাগে।’
খুলনায় মিরাজের বাসায় মোস্তাফিজ দু-তিনবার গেলেও মোস্তাফিজের সাতক্ষীরার বাড়িতে কখনো যাওয়া হয়নি মিরাজের। ভবিষ্যতে কোনো একদিন নিশ্চয়ই যাবেন। তবে ঢাকা শহর তাঁদের খুব একটা টানে না। পেশাগত কারণে এই শহরে থাকা। খেলোয়াড়িজীবন শেষে তাঁরা ফিরে যেতে চান শিকড়ে।
ব্যস্ততা না থাকলে সন্ধ্যার পর নিজেদের রুমে জমে ওঠে তাঁদের তুমুল আড্ডা। এই আড্ডায় কখনো যোগ দেন মোস্তাফিজ-মিরাজের দু-একজন সতীর্থ। তাঁদেরই একজন মেহেদী রানা। মোস্তাফিজের মতো তিনিও বাঁহাতি পেসার, একই সঙ্গে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেট। রানা দিলেন চমকপ্রদ তথ্য, ‘আমাদের আড্ডাটা সবচেয়ে বেশি জমায় কে, জানেন? মোস্তাফিজ! আর আড্ডায় বেশি চুপ থাকে মিরাজ। আমরা সবাই মিরাজকে নানা কিছু বলে খ্যাপাই। তখন ও শুধু বলে, তোরা যা ইচ্ছে কর। আমি কিচ্ছু বলব না। তবে মিরাজ সুন্দর গান গাইতে পারে। এখানে মোস্তাফিজ তার মুগ্ধ শ্রোতা।’
মোস্তাফিজ এরই মধ্যে খেলেছেন ২ টেস্ট, ১১ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি। মিরাজ সেখানে ৫ টেস্ট। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দুই বন্ধুর একসঙ্গে ম্যাচ খেলা হয়নি এখনো। এবার শ্রীলঙ্কা সফরে যদি সেটা হয়ে যায়, নিশ্চয়ই রোমাঞ্চকর হবে দুজনের জন্য। মিরাজ বলছেন, ‘যদি দুজনই শতভাগ দিয়ে দলের জন্য ভালো ফল আনতে পারি, সেটাই বেশি আনন্দ দেবে।’
ডাকনামের আদ্যাক্ষর, উঠে আসার গল্প, জীবনদর্শন, আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত শুরু, সহজাত প্রতিভা, ক্রিকেটীয় দক্ষতা—সবকিছুতেই দুই তরুণের চমৎকার মিল। ক্যারিয়ারের বাকি পথটাও নিশ্চয়ই তাঁরা এই সাদৃশ্য ধরে রাখতে চাইবেন, দলকে উপহার দিতে চাইবেন রঙিন সব মুহূর্ত। আর দুই ‘ম’-এর সাফল্যের সুবাসে ম-ম করবে পুরো বাংলাদেশ!