বন্ধুত্বের সুযোগ নেই

দুজনই দুজনের ভালো বন্ধু। একসঙ্গে কাজও করেছেন দীর্ঘদিন। ইয়ুর্গেন ক্লিন্সমানের রেখে আসা দলটাই এখন সামলাচ্ছেন তাঁরই সাবেক সহকারী জোয়াকিম লো। শেষ ম্যাচে সেই দুই বন্ধুই মুখোমুখি। আর ‘জি’ গ্রুপটার সমীকরণও এখন এমন, জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচের ফলাফলেও এই বন্ধুত্ব অটুট থাকলে দুই দলেরই লাভ। ম্যাচটা ড্র হলে যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে দুই দলেরই।
তবে টুর্নামেন্টটা যখন বিশ্বকাপ, যেখানে ভাই-ই নিজের ‘শত্রু’ হয়ে যাচ্ছে, সেখানে বন্ধুত্ব কি আর কল্কে পায়! যুক্তরাষ্ট্র কোচ ক্লিন্সমান তো জানিয়েই দিলেন, ম্যাচটা জেতার জন্যই খেলবে তাঁর দল, ‘লো ওর কাজ করবে, আমি আমার। দ্বিতীয় পর্বে উঠতে হলে প্রয়োজনীয় সবকিছু করাই আমার কাজ হবে। এখানে বন্ধুত্বের সুযোগ নেই।’
যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে নিজ দেশ জার্মানির বিপক্ষে ক্লিন্সমানের প্রথম লড়াই। পরশু দ্বারপ্রান্তে পৌঁছেও জয়ের স্বাদ নিতে পারেনি যুক্তরাষ্ট্র। পর্তুগালের সঙ্গে অসামান্য এক জয় না পাওয়ার বিষাদ আর ভালো খেলে ড্র তুলে নেওয়া মনোবল থেকেই শেষ ম্যাচের আত্মবিশ্বাসের রসদ খুঁজে নিলেন ক্লিন্সমানকে, ‘যুক্তরাষ্ট্র মাঠে নিজেদের উজাড় করে দেয়। আমাদের লড়াইয়ের মানসিকতা আছে। আছে শক্তি আর দৃঢ়সংকল্প। রেসিফেতে জার্মানদের হারানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়েই যাব। এটাই আমাদের লক্ষ্য। আমি বেশ আত্মবিশ্বাসী।’
জার্মানিও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বলে বিশ্বাস ক্লিন্সমানের, ‘আমরা ড্রয়ের জন্য আসিনি। ড্র হলে এমনিতেই হয়। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হতে লড়বে। এটিই আমাদের দ্বিতীয় পর্বে চালকের আসনে বসাবে। আর আমাদের এখনকার মূল লক্ষ্যই হচ্ছে শেষ ষোলোতে যাওয়া। সে জন্য আমাদের সামর্থ্যের মধ্যে যা সম্ভব সবই করব। জার্মানিকে লড়তে বাধ্য করব। জার্মানি ছাড়াও টুর্নামেন্টের অন্য দলগুলোকেও চমকে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।’ ওয়েবসাইট।