বন্ধুর পথ পাড়ি দিতে হবে নাদালকে
ক্যারিয়ারে এ পর্যন্ত আটটি গ্রান্ডস্ল্যাম জিতেছেন—ফ্রেঞ্চ ওপেনে পাঁচটি, উইম্বলডনে দুটি ও অস্ট্রেলিয়ান ওপেনে একটি। রাফায়েল নাদালের দুঃখ বলতে ইউএস ওপেন, এখন পর্যন্ত একবারও যে এখান থেকে গ্রান্ডস্ল্যাম অর্জন করতে পারেননি বিশ্বের এক নম্বর এই খেলোয়াড়! তবে এবারও নাদাল অধরা শিরোপার দেখা পাবেন কি না যথেষ্ট সংশয় রয়েছে। ক্যারিয়ারের প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জয় করতে হলে বন্ধুর পথ পাড়ি দিতে হবে নাদালকে—হারাতে হবে দুর্দান্ত ফর্মে থাকা রজার ফেদেরার ও অ্যান্ডি মারেকে।আগামী ৩০ আগস্ট থেকে বসতে যাচ্ছে আরেকটি ইউএস ওপেনের আসর। গত সপ্তাহে নাদাল নিজেই জানিয়েছিলেন, ইউএস ওপেনে তাঁর ব্যর্থতার কারণ ফিটনেস সমস্যা। এবার সেই ফিটনেস সমস্যা নেই বলে আশাবাদী তিনি। কিন্তু প্রতিপক্ষরা যে দুর্বল ফর্মে আছেন! গত রোববার সিনসিনাটি মাস্টার্স শিরোপা জিতেছেন সুইস তারকা রজার ফেদেরার। আর চলতি মাসের মাঝামাঝি সময়ে ফেদেরারকে হারিয়ে রজার্স কাপের শিরোপা জিতেছিলেন অ্যান্ডি মারে। অথচ প্রতিযোগিতার সূচি অনুযায়ী, সেমিফাইনালে মারে আর ফাইনালে ফেদেরারের সঙ্গে লড়াই করতে হতে পারে নাদালকে। ভাগ্য খারাপই বলতে হবে স্প্যানিশ এই তারকার!—রয়টার্স