বন্ধুর পথে সুন্দর সূচনা ভারতের
সূচনাটা অবিশ্বাস্যই বলতে হবে। প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অলআউট হওয়ায় ভারতীয় দল পিছিয়ে ৪৮৪ রানে। সেঞ্চুরিয়ন টেস্টে সফরকারীদের শঙ্কা যখন ইনিংস ব্যবধানে হারের, তখন দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের উদ্বোধনী জুটিকে কী বলবেন আপনি?ভারতকে রানবন্যায় ভাসিয়ে দেওয়ার মতো ইনিংসে হাশিম আমলা, জ্যাক ক্যালিস ও ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৬২০ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জ্যাক ক্যালিসের ইনিংসটা ছিল আবার ক্যারিয়ারসেরা অপরাজিত ২০১ রানের! প্রায় ‘অসম্ভবের’ পেছনে ছুটতে গিয়ে শুরুটা ভালোই হয়েছে ভারতের। তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৯০ রান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে এখনো পিছিয়ে ২৯৪ রানে। আট উইকেট হাতে নিয়ে ভারতীয় দল কত দূর যেতে পারে, এটাই এখন প্রশ্ন।২ উইকেটে ৩৬৬ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলাররা এদিন পেয়েছে কেবল হতাশা আর হতাশা। ঠিক উল্টো চিত্র দক্ষিণ আফ্রিকা শিবিরে। ক্যারিয়ারের প্রথম ডবল সেঞ্চুরির দেখা পান জ্যাক ক্যালিস। আগের দিন ১১৬ রানে অপরাজিত থাকা আমলা আউট হন ১৪০ রানে। ভিলিয়ার্স করেন ১২৯ রান।গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ হয়েছে ভারতের। এ দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১৩৭ রান। ব্যক্তিগত ৬৩ রানে হ্যারিসের শিকারে পরিণত হন শেবাগ। ৮০ রানে থাকা গম্ভীরকে ফেরান স্টেইন। দিনের খেলা শেষ হওয়ার সময় রাহুল দ্রাবিড় ২৮ ও ইশান্ত শর্মা ৭ রানে অপরাজিত ছিলেন। —ক্রিকইনফো