বন্ধুর পাশে, সবার ওপরে

দুজনের ব্যাটিং নিয়ে কত-শত লেখাই তো হয়েছে। দুজনের বন্ধুত্বের প্রসঙ্গও উঠে আসে মাঝেমধ্যে। তবে ক্রিকেটীয় কীর্তির চেয়েও কিন্তু বেশি বিস্ময়কর দুজনের বন্ধুত্ব। খেলাধুলার জগতে সতীর্থের সঙ্গে বন্ধুত্ব মাঠ বা খেলাটার সীমানা ছাড়তে পারে খুব কম সময়ই। মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার বন্ধুত্ব সেখানে ছুঁয়েছে জীবনের সীমানা। মাঠের বাইরেও গভীর বন্ধুত্ব দুজনের। সাঙ্গাকারাকে সুযোগ করে দিতেই একসময় নেতৃত্ব ছেড়েছিলেন জয়াবর্ধনে। একসঙ্গে ব্যবসা করেন দুজন, দুজনের স্ত্রীও খুব ভালো বন্ধু। মাঠের বাইরের মাণিকজোড়কে কাল একটা জায়গায় সমান্তরালে তুলে আনল ক্রিকেটও। দুজনেরই এখন টেস্ট সেঞ্চুরি ৩৩টি, ফিফটি ৪৫টি!
দুই বন্ধু এখানে দুই তুমুল প্রতিদ্বন্দ্বীও। সুস্থ একটা প্রতিযোগিতা দুজনের মধ্যে, শেষ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডটি থাকবে কার? প্রসঙ্গটি উঠতেই হাসলেন জয়াবর্ধনে। বন্ধুকে আবার না সত্যিই প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেওয়া হয়, তাই যেন সবার আগে বলে নিলেন, ‘অবশ্যই সুস্থ প্রতিযোগিতা...।’ তবে সেঞ্চুরির সংখ্যা সমান হলেও সাঙ্গাকারা ম্যাচ খেলেছেন ২১টি কম। সেটি মনে করিয়ে দিয়ে আপাতত প্রিয় বন্ধুকেই এগিয়ে রাখলেন জয়াবর্ধনে, ‘ম্যাচের সংখ্যা যদি দেখেন, কুমার আমার চেয়ে অনেক অনেক কম খেলেছে। এটাই ওকে নিশ্চিত এগিয়ে রাখছে। আমি ওর পাশে আসতে পেরে খুশি। কারণ, অসাধারণ এক ক্যারিয়ার ওর। বাকিদের জন্য ধারাবাহিক ব্যাটিংয়ের মানদণ্ডটা ঠিক করে দিয়েছে ও-ই। আমিও একই চেষ্টা করছি। আমি নিশ্চিত, একদিন ও আমাকে ছাড়িয়ে যাবে; হয়তো পরের টেস্টেই!’
সাধারণত এ ধরনের লড়াইয়ে বড় ভূমিকা থাকে বয়সের। তবে এই দুজনের ক্ষেত্রে নয়। জয়াবর্ধনের চেয়ে সাঙ্গাকারা মাত্র মাস পাঁচেকের ছোট। ধারাবাহিকতা যাঁর বেশি, শেষ পর্যন্ত রেকর্ডটি থাকবে তাঁরই। সম্ভাবনায় তাই স্পষ্টতই এগিয়ে সাঙ্গাকারা। ২১ টেস্ট কম খেলেই সেঞ্চুরি-ফিফটি সমান, ব্যাটিং গড়েও জয়াবর্ধনের (৫০.৩৮) চেয়ে অনেক এগিয়ে সাঙ্গাকারা (৫৬.৪৫)। তবে ম্যাচ এত বেশি খেলেছেন যে মোট রানে এগিয়ে জয়াবর্ধনেই। শুধু সাঙ্গাকারা নয়, ক্যারিয়ার রানে জয়াবর্ধনে বর্তমান ক্রিকেটারদের মধ্যেই সবার ওপরে। কালকের ইনিংসের পথেই প্রথমে ছাড়িয়েছেন অ্যালান বোর্ডারকে। পরে শিবনারায়ণ চন্দরপলকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন বর্তমান ক্রিকেটারদের মধ্যে। টেস্ট ইতিহাসে জয়াবর্ধনের চেয়ে বেশি রান এখন মাত্র পাঁচজনের!
বোর্ডার-চন্দরপলকে ছাড়িয়ে যাওয়াটা অবশ্য জানা ছিল না জয়াবর্ধনের। জানলেন সংবাদ সম্মেলনে এসেই। যদিও আর সব গ্রেট ক্রিকেটারের মতোই এটিকে খুব বড় করে দেখতে নারাজ, ‘আমি তৃপ্ত, তবে এত সময় ধরে খেললে মাইলফলক ধরা দেবেই। আমরা দলের জন্য ভালো খেলার চেষ্টা করি, সেই পথচলায় ব্যক্তিগত অর্জন ধরা দিলে দারুণ লাগে।’
এই ম্যাচের দ্বিশতক নিয়ে কথা হলো কমই। প্রসঙ্গটা যখন উঠল, সেটিও একটি নেতিবাচকভাবেই। ক্যারিয়ারের সাতটি ডাবল সেঞ্চুরির মধ্যে সহজতম কী এটিই? তবে নিজের ইনিংস বা বাংলাদেশের ধারহীন বোলিং, জয়াবর্ধনে খাটো করতে চাইলেন না কোনোটিকেই, ‘রান সব সময়ই রান, টেস্ট রান সহজে আসে না। বাংলাদেশের বোলাররা কিছু কিছু সময় ভালো বোলিং করেছে, তবে চাপটা লম্বা সময় ধরে রাখতে পারেনি। একটা সময় অবশ্য মনে হয়েছে, ওদের বোলার-ফিল্ডাররা হাল ছেড়ে দিয়েছে। তবে টেস্ট রান কখনোই খুব সহজ নয়।’
জয়াবর্ধনের দাবি যেমন সত্যি, তেমনি এটাও সত্যি, বাংলাদেশকে পেলেই নিজের রানের ভান্ডার সমৃদ্ধ করার কাজটি যত্ন নিয়ে সেরে ফেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে (৫টি) কাল ছুঁলেন সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকারকে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন বাংলাদেশের বিপক্ষে হাজার রান, গড় ৭৭.৩৮। তবে ‘বাংলাদেশ প্রিয় প্রতিপক্ষ কি না’ বলতেই মৃদু হাসিতে প্রতিবাদ, ‘দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের বিপক্ষেও তো কম সেঞ্চুরি করিনি!’ ইংলিশদের বিপক্ষে করেছেন ৮টি সেঞ্চুরি, ভারতের বিপক্ষে ৬টি, প্রোটিয়াদের বিপক্ষে ৫টি।
মোট সেঞ্চুরির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, সেটি সময়ের হাতেই তোলা। তবে সবচেয়ে মানানসই হয়, যদি ক্যারিয়ার শেষেও পাশাপাশি থাকেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা!
স্কোরকার্ড
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩২
শ্রীলঙ্কা ১ম ইনিংস
(২য় দিন শেষে, ৩৭৫/৫; জয়াবর্ধনে ৪২*)
রান বল ৪ ৬
জয়াবর্ধনে অপরাজিত ২০৩ ২৭২ ১৬ ৪
ম্যাথুস ক মার্শাল ব সোহাগ ৮৬ ১৬২ ৭ ১
ভিতানাগে অপরাজিত ১০৩ ১০৪ ১২ ২
অতিরিক্ত (বা ১২, ও ১২, নো ৭) ৩১
মোট (১৮৭.৫ ওভারে, ৬ উইকেটে ডি.) ৭৩০
উইকেট পতন: ৫-৩৭৫ (লাকমল, ১০৮.২ ওভার), ৬-৫৫৪ (ম্যাথুস, ১৫৮.৪)।
বোলিং: রবিউল ২৯-২-১০৯-০ (নো ৩, ও ২), আল আমিন ৩২-৩-১১৮-১ (নো ১, ও ১), রুবেল ২০-০-৮৪-০ (নো ৩, ও ১), সোহাগ ৩৯-৫-১৩০-২, সাকিব ৪৩-৬-১৫৯-৩, মুমিনুল ৬-০-২০-০, নাসির ১০.৫-০-৬০-০, মার্শাল ৮-০-৩৮-০।
বাংলাদেশ ২য় ইনিংস
তামিম ক দিলরুয়ান ব হেরাথ ১১ ১৮ ২ ০
শামসুর ব্যাটিং ৯ ২২ ১ ০
মার্শাল ব্যাটিং ১১ ১৪ ২ ০
অতিরিক্ত (বা ৪) ৪
মোট (৯ ওভারে, ১ উইকেটে) ৩৫
উইকেট পতন: ১-১৫ (তামিম, ৩.৩)।
বোলিং: লাকমল ৩-০-৮-০, ইরাঙ্গা ১-০-৫-০, হেরাথ ৩-২-৮-১, দিলরুয়ান ২-০-১০-০।