বন্ধুর শুভকামনা নিয়ে সামারাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও গ্রিসের অাশার ভেলা বাইবেন সামারাস ।রয়টার্স
আজও গ্রিসের অাশার ভেলা বাইবেন সামারাস ।রয়টার্স

আরেকজন বিখ্যাত সামারাস আছেন গ্রিসে। ক্ষমতা তাঁর বেশি। চাইলে এক নির্দেশে বদলে দিতে পারেন দেশের অনেক কিছু। তিনি গ্রিসের প্রধানমন্ত্রী আন্তুনিস সামারাস। কিন্তু এই সামারাসের চেয়ে মানুষের অনেক বেশি ভালোবাসা গিওর্গস সামারাসের জন্য। প্রধানমন্ত্রী নন, গ্রিকদের নায়ক আসলে তাঁদের জাতীয় দলের স্ট্রাইকার।

আজ আরও একবার এই উচ্ছ্বাস করতে চাইবে কোস্টারিকাও l রয়টার্স
আজ আরও একবার এই উচ্ছ্বাস করতে চাইবে কোস্টারিকাও l রয়টার্স

এই ভালোবাসারই খানিকটা প্রকাশ দেখা গেছে আইভরিকোস্টের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটার পর। টানটান উত্তেজনার ওই ম্যাচে যোগ হওয়া সময়ে পেনাল্টি থেকে গোল করে গ্রিকদের ২-১ গোলের নাটকীয় এক জয় এনে দিয়েছেন সামারাস। ফোর্তালেজার ওই ম্যাচটার শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই এথেন্সের রাস্তায় নেমে এসেছেন গ্রিক সমর্থকেরা। সামারাসের নামে মুখর হয়েছে আকাশ-বাতাস। তবে সবকিছু ছাড়িয়ে গেছে সামারাসকে নিয়ে জে বেত্তি নামে ১১ বছরের এক কিশোরের উচ্ছ্বাস। ‘ডাউন সিনড্রোমে’ আক্রান্ত এই কিশোর সামারাসের দারুণ ভক্ত। সামারাসও তাঁর এই খুদে ভক্তকে পছন্দ করেন ভীষণ। সেল্টিকের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে স্কটিশ লিগ জেতার পর বেত্তিকে কাঁধে তুলে নেচেছেন গ্রিক স্ট্রাইকার। দুজনের এই উষ্ণ সম্পর্কটা গ্রিস আর সেল্টিকের বেশির ভাগ ফুটবলপ্রেমীই জানেন। আইভরিকোস্টের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দেশকে অসাধারণ সেই জয় এনে দেওয়ার পর সামারাসকে অভিনন্দন জানিয়ে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে বেত্তি। অসুস্থ কিশোরের বাবার ফেসবুকে প্রকাশিত সেই ভিডিও ভাইরাসের মতো ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পৌঁছে গেছে সামারাসের কাছেও। ভক্তের কাছ থেকে এমন অভিনন্দনবার্তা পেয়ে আপ্লুত সামারাস। পাল্টা এক ভিডিও বার্তায় তিনিও বলেছেন, ‘জে তোমার সমর্থনের জন্য ধন্যবাদ। আমি খুব গর্বিত তোমার মতো একজন বন্ধু পেয়ে।’
এখানেই শেষ নয়, ওই ম্যাচে নিজের জার্সিটা রেখে দিয়েছেন বন্ধুর জন্য। হেলেনিক (গ্রিস) ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছিলেন জেকে ব্রাজিলে পাঠানোর ব্যবস্থা করতে। যাতে কোস্টারিকার বিপক্ষে শেষ ষোলোর আজকের ম্যাচটা মাঠে বসেই উপভোগ করতে পারেন জে। আগে থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করে রাখায় জে অবশ্য যেতে পারছে না ব্রাজিলে। তবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুল হয়নি তাঁর, ‘শুভকামনা স্যামি (সামারাস)। আমি দুঃখিত যে ব্রাজিল আসতে পারছি না। তবে তুমি জিতে ফিরে এলে দেখা হবে।’
বয়স ২৯ পেরিয়ে গেছে। উচ্চতা সাড়ে ৬ ফুট। এই বিশ্বকাপের সবচেয়ে দীর্ঘদেহী খেলোয়াড়দের একজন। এই ‘ফুটবলদানব’ জাতীয় দলের হয়ে ৭৭ ম্যাচ খেলে গোল কিন্তু পেয়েছেন মাত্র ৯টি। তার পরও সামারাসই গ্রিস ফুটবলের সবচেয়ে বড় স্ট্রাইকার। কয়েক বছর ধরেই ধরে রেখেছেন তকমাটা। আইভরিকোস্টের বিপক্ষে ফোর্তালেজায় ওই গোলটা পেয়েছেন ১৪৭৮ মিনিট খেলার পর । গ্রিস ইতিহাসেই জায়গা করে নিয়েছেন এই গোল দিয়ে। ওই গোলেই তো প্রথমবারের মতো গ্রুপের বাধা ডিঙিয়ে শেষ ষোলোয় উঠে গেছে গ্রিস। আজ সামারাসের আরও একটা গোল গ্রিক ফুটবল ইতিহাসে যোগ করতে পারে নতুন আরেকটা অধ্যায়।
পারবেন সামারাস? বন্ধু জে বেত্তির শুভকামনা তো তাঁর সঙ্গেই আছে।

কোস্টারিকা–গ্রিস

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম দেখা হচ্ছে কোস্টারিকা ও গ্রিসের।
প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে গ্রিস।
কোস্টারিকার এটা দ্বিতীয় দ্বিতীয় রাউন্ড। ১৯৯০ সালে বিশ্বকাপে অভিষেকেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল কোস্টারিকানরা।
বিশ্বকাপ ও ইউরোতে পাওয়া গ্রিসের সাতটি জয়ের প্রতিটিই মাত্র ১ গোলের ব্যবধানে পাওয়া (চারটি ১-০, তিনটি ২-১)।
বিশ্বকাপে গ্রিসের দুটি জয়ই এসেছে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে।
বিশ্বকাপে নয় ম্যাচ খেলে মাত্র দুটিতে গোল পেয়েছে গ্রিকরা।