বন্ধুর হাতেই বিশ্বকাপ চান নেইমার

‘সু সুয়েনিও দে গানার লা কোপা দেল মুন্দো নুঙ্কা সে হারা রিয়েলেদাদ’—বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে স্প্যানিশ ভাষায় এমনটাই বলেছিলেন নেইমার৷ সেই কথার মানে জানাটা এখন আর প্রয়োজন নেই৷ কারণ যে স্বপ্ন নেইমার দেখেছিলেন, সেই স্বপ্নটাই তো বাস্তবতার নিরেট দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এল৷ নিজে ফেল করলে যতটা কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট নাকি হয় বন্ধু প্রথম হয়ে গেলে৷ কিন্তু না, নিজের অতৃপ্ত স্বপ্নপূরণের সান্ত্বনা এবার বন্ধু মেসির মধ্যেই খুঁজতে চাইছেন নেইমার৷ বলছেন, খুব করে চান, এবার বিশ্বকাপ যেন মেসিই জেতেন!
বিরল দৃষ্টান্ত তো বটেই, এর আগে আর কোনো ব্রাজিল তারকা চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা জয়ের প্রার্থনা করেছেন কি না কে জানে৷ কিন্তু বরাবরই মেসির ভীষণ ভক্ত নেইমার ভালোবাসার টানে ভুলে গেলেন দুই দেশের ক্রীড়াদ্বৈরথের আগুন-উত্তাপ৷ মেসির টানেই বার্সায় পাড়ি জমানো এই ২২ বছর বয়সী বলছেন, মেসি যে মাপের খেলোয়াড়, তাঁর নামের পাশে একটা বিশ্বকাপ না-থাকাটাই হবে অন্যায়৷ বলেছেন, ‘এই বিশ্বকাপ ট্রফি মেসির প্রাপ্য৷ ও আমার বন্ধু৷ ওর জন্য আমার শুভকামনা অবশ্যই থাকবে৷
এবারের ফাইনালটা অদ্ভুত এক সমস্যা নিয়ে এসেছে ব্রাজিলীয়দের জন্য৷ একে তো ঘরের মাঠে তারা হয়ে গেছে দর্শক৷ তার ওপর ফাইনাল যে স্রেফ ফুটবল-প্রেম থেকে উপভোগ করবে, সেই সুযোগও নেই৷ ৭-১ গোলের লজ্জা উপহার দেওয়া জার্মানিকে টাটকা ক্ষত বুকে নিয়ে সমর্থন দেওয়া যায় না৷ আর আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার তো প্রশ্নই আসে না৷ সম্ভব হলে ব্রাজিলীয়রা হয়তো চাইত ফাইনালে যেন এই দুই দলই হারে৷ কিন্তু তা তো আর সম্ভব নয়৷
নেইমারের কথা শুনে ব্রাজিলীয়রা অনুপ্রাণিত হতে পারে অন্তত কয়েক ঘণ্টার জন্য অতীত চাপা দিয়ে আর্জেন্টিনাকে সমর্থন দিতে৷ তবে নেইমার কিন্তু আবার এও বলছেন, ‘আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি না৷ আমি সমর্থন করছি আমার (ক্লাব) সতীর্থ মেসি আর হাভিয়ের মাচেরানোকে৷’ আসলে নেইমারের মেসি-প্রেমে ঈর্ষা বোধ করতে পারেন ব্রাজিল-বিস্ময়ের বর্তমান ও সাবেক মিলিয়ে তিন প্রেমিকাই৷ নেইমার যে বলছেন, ‘ফুটবলে ও যা কিছু করেছে এর জন্য মেসি একাদশকে আমি সমর্থন করি৷ এ জন্যই আমি আশা করি ও জিতবে৷’
স্বপ্নের মেরুদণ্ডটাও গুঁড়িয়ে দেওয়া সেই ইনজুরির পর এই প্রথম সংবাদমাধ্যমে কথা বললেন নেইমার৷ প্রথম সুযোগে এও জানিয়েছিলেন, তাঁর মুখপাত্রের বরাতে লুইস ফেলিপে স্কলারিকে ছাঁটাই করার যে খবর ছড়িয়ে পড়েছে, সেটি সঠিক নয়৷ ব্রাজিল কোচকে নিয়ে কিছু বলেননি বলেই তাঁর দাবি৷ এএফপি, ইয়াহু৷