বন্ধুরা আজ শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলে তাঁরা সতীর্থ, অন্তরঙ্গ বন্ধু। সেই বন্ধুত্ব ভুলে স্টিভেন জেরার্ড ও লুইস সুয়ারেজ আজ হয়ে যাচ্ছেন ‘শত্রু’ l এএফপি ও রয়টার্স
লিভারপুলে তাঁরা সতীর্থ, অন্তরঙ্গ বন্ধু। সেই বন্ধুত্ব ভুলে স্টিভেন জেরার্ড ও লুইস সুয়ারেজ আজ হয়ে যাচ্ছেন ‘শত্রু’ l এএফপি ও রয়টার্স

২০০৬ জার্মানির গেলসেনকির্সেনে ইংল্যান্ড-পর্তুগাল কোয়ার্টার ফাইনালটি যখন সমতায়, রিকার্ডো কারভালহোর পা মাড়িয়ে দেন ওয়েইন রুনি। ফলাফল, পত্রপাঠ লাল কার্ড। তবে রেফারির সিদ্ধান্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সম্ভাব্য’ উসকানি নিয়ে পরে কম জলঘোলা করেনি ইংলিশ সংবাদমাধ্যম। ম্যাচটা ইংল্যান্ড হেরে গিয়েছিল টাইব্রেকারে। পরে ইংল্যান্ড সংবাদমাধ্যমের অত্যাচারে অতিষ্ঠ রোনালদো ইংল্যান্ড ছাড়ারই ঘোষণা দেন। সে সময় রুনি ও রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন সহ-খেলোয়াড়।
এত দিন পর কাসুন্দি ঘাঁটা হচ্ছে এই কারণে যে আজ হয়তো আরেকটি গেলসেনকির্সেন-নাটক হতে পারে সাও পাওলোতে। ইংল্যান্ড-উরুগুয়ে অগ্নিগর্ভ ম্যাচটাকে যে অন্য মাত্রা দিচ্ছে ‘লিভারপুল সংযোগ।’ আজ ইংল্যান্ডের মার্সিসাইড ক্লাবটির ছোটখাটো একটা পুনর্মিলনীই হবে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে। বন্ধুত্বের বাতাবরণে আজ বৈরিতার আঁচ লাগে কি না! ইংলিশ প্রচারমাধ্যমও যে পরে রোনালদোর মতো সুয়ারেজ-সমরে অবতীর্ণ হবে কি না তাই বা কে বলতে পারে!
এমনিতে ইংল্যান্ড দলটা ছোটখাটো একটা লিভারপুলই। গ্লেন জনসন, জর্ডান হেন্ডারসন, ড্যানিয়েল স্টারিজ, রাহিম স্টার্লিংরা এখন ইংল্যান্ডের প্রথম একাদশেরই সদস্য। আর লিভারপুলের ঘরের ছেলে স্টিভেন জেরার্ড তো এবার ইংল্যান্ডের অধিনায়কই। ইংলিশ কোচ রয় হজসন নিজেও ছিলেন মার্সিসাইড ক্লাবের দায়িত্বে।
এমন নয় যে ক্লাব-সতীর্থদের জাতীয় দলে মুখোমুখি হওয়া বিরল ঘটনা। এমনটা আকছার হয়েছে, হচ্ছে, হবেও। তবে লুইস সুয়ারেজের কারণেই ব্যাপারটা এত বেশি রং ছড়াচ্ছে। মাঠে, মাঠের বাইরে সুয়ারেজকে নিয়ে এমনিতেই অন্তহীন আলোচনা, বিতর্কের সঙ্গে অনেক দিন ধরেই তাঁর যুগলবন্দী। তবে ক্লাব-সতীর্থরা বরাবরই ছিলেন খ্যাপাটে উরুগুয়ে স্ট্রাইকারের পাশে। গত মৌসুমে ক্লাবটা ছেড়ে দিতে চেয়েও শেষ পর্যন্ত থেকে গেছেন। বাকিটা ইতিহাস হতে পারত। অনেক বছর পর লিভারপুলকে শিরোপার খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। তীরে এসে তরি ডুবেছে শেষমেশ। তবে জেরার্ড-স্টারিজদের সঙ্গে সুয়ারেজের সম্পর্কে তিক্ততা সামান্য, মাধুর্যই বেশি।
ড্রয়ের পর পরেই জানা গিয়েছিল পুনর্মিলনীটা হচ্ছেই। জেরার্ড তো আগাম শুভকামনাই জানিয়ে রেখেছিলেন সতীর্থকে। এর মধ্যেই হয়ে গেছে অনেক কিছু। মৌসুম শেষে পায়ে অস্ত্রোপচার করতে হয়েছিল সুয়ারেজকে। বিশ্বকাপের আগেই সেরে উঠবেন, সেটা জানিয়ে লিভারপুল সতীর্থদের মুঠোফোনে বার্তাও পাঠিয়েছিলেন। কিন্তু প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি সুয়ারেজ। বেঞ্চে বসে কোস্টারিকার কাছে দলের অসহায় আত্মসমর্পণ দেখেছেন। বাঁচন-মরণ ম্যাচে আজ মাঠে নামবেন বলেই ধারণা।
সুয়ারেজ কী করতে পারেন সেটা জেরার্ডদের চেয়ে ভালো আর কেউ জানেন না। যতই শুভকামনা জানান, আরেক সতীর্থ স্টার্লিং কিন্তু আসল অভিলাষ চাপা দিতে পারলেন না, ‘ওকে মাঠে না দেখলেই খুশি হব। আমরা জানি সে অসাধারণ কিছু গোল করতে পারে।’
সুয়ারেজ জানিয়েছেন মাঠে পুরোনো বন্ধুতা মনে রাখবেন না। তবে ম্যাচের পর সব ভুলে যাবেন। আসলেই কি তাই হবে?