চার-ছয়ের বন্যা বুঝি একেই বলে। ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাল যে ২৪০টি বৈধ বল হয়েছে, তার চার ভাগের এক ভাগ, অর্থাৎ ৬০টিই মাটি কামড়ে কিংবা হাওয়ায় ভেসে আছড়ে পড়েছে সীমানার বাইরে। দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৪২৮, এর ২৮২ রানই এসেছে বাউন্ডারি থেকে (৩৯ চার, ২১টি ছয়), চার-ছয় থেকে এক ম্যাচে এত রান আর দেখেনি কোনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আগের রেকর্ডটি হয়েছিল মাত্র মাস তিনেক আগে, সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে বাউন্ডারি থেকে রান এসেছিল ২৬৬ (৩২ চার, ২৩ ছয়)। এই ম্যাচেই ১৭টি ছয় মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড সেটিই। ইনিংসে সবচেয়ে বেশি চারের রেকর্ডটি শ্রীলঙ্কার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোরের (২৬০/৬) রেকর্ড গড়ার পথে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৩০টি চার মেরেছিল লঙ্কানরা।