বয়স চুরি, নাকি পুকুরচুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান যুব গেমসে অংশ নিতে চীনের নানজিং গেছে ২৭ জন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট। কিন্তু তাদের মধ্যে ১৮ জনই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে। কারণ, বয়স চুরি!

যুব গেমসে সর্বোচ্চ ১৭ বছর বয়সী অ্যাথলেটরা অংশ নিতে পারে। ভারতীয় অ্যাথলেটদের বয়স পরীক্ষায় দেখা গেছে, ২৭ জনের মধ্যে ১৮ জনই বয়সসীমার ওপরে। আন্তর্জাতিক আসরে গিয়ে এত সংখ্যক অ্যাথলেট একসঙ্গে বয়সের কারণে বাদ পড়ায় ভারতীয় কর্মকর্তাদের মুখ লজ্জায় লাল! ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী প্রধান বিজয় কুমার মালহোত্রার কাছে তো ব্যাপারটা অবিশ্বাস্য, ‘এটা হতেই পারে না। এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।’

স্থানীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে দুর্নীতিবাজেরা নির্বাচিত হয়েছেন, এমন অভিযোগ তুলে গত ডিসেম্বরে ভারতকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সেই নিষেধাজ্ঞাটা এখনো আছে। নানজিং যুব গেমসে ভারতীয় অ্যাথলেটরা তাই ভারতের হয়ে অংশ নিতে পারছে না। অংশ নিতে হচ্ছে দেশের প্রতিনিধিত্ব ছাড়াই, আইওসির পতাকা নিয়ে। এই অ্যাথলেটদের অবশ্য নির্বাচিত করেছে ভারতের অ্যাথলেটিকস ফেডারেশন। নির্বাচিত অ্যাথলেটদের চূড়ান্তভাবে অনুমোদন দেয় ভারতের জাতীয় ক্রীড়া সংস্থা।

২৭ অ্যাথলেটের মধ্যে ১৮ জনের বয়স বেশি ধরা পড়ার দায়টা কার? জি নিউজ জানিয়েছে, অ্যাথলেটিকস ফেডারেশন এখনই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়। তবে জাতীয় ক্রীড়া সংস্থার প্রধান জি থমসন দায়টা চাপাচ্ছেন অ্যাথলেটিকস ফেডারেশনের কাঁধে। তাঁর ভাষ্য, ‘ফেডারেশন যখন একটা তালিকা দেয়, সেটা নিয়ে কখনোই প্রশ্ন তুলি না আমরা। দল নির্বাচনের পুরো দায়িত্ব ফেডারেশনের। সবকিছু ওরাই ঠিক করে।’

এদিকে বিব্রতকর এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং। গতকাল রাতে তাঁর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ব্যাপারটা বেশ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এ ঘটনায় কারা দায়ী, তা খুঁজে বের করা জরুরি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্কও করে দেন ক্রীড়ামন্ত্রী।