বয়স নিয়ে শঙ্কিত নন ক্যাটিচ
কাল শনিবার ৩৫-এ পা দেবেন সাইমন ক্যাটিচ। তাঁর সামনে এখন একটাই প্রশ্ন—বয়স তো অনেক হলো, কবে অবসরে যাবেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার? ক্যাটিচের মুখে অবশ্য উল্টো সুর, বয়স নিয়ে একদমই ভাবছেন না তিনি। যত দিন পারেন, খেলে যেতে চান এই ব্যাটসম্যান।বুড়িয়ে যাওয়া প্রশ্নে দ্য অস্ট্রেলিয়ানকে ক্যাটিচ বলেন, ‘আমার বয়স হয়ে গেছে—এটা ঠিক, কিন্তু অতীতের যেকোনো সময়ের চেয়ে আমি বেশি ক্ষুধার্ত। আমি ক্রিকেট দারুণ উপভোগ করছি। গত দু-তিন বছরেও আমার মনোভাব একই রকম ছিল।’বয়স অনেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন ক্যাটিচের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অভিষেক ২০০১ সালের জানুয়ারিতে, টেস্ট ক্রিকেটে অভিষেক একই বছরের আগস্টে। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যাটিচের অভিষেক ২০০৫ সালে। দুর্বল পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছিলেন, ফিরে এসেছিলেন ২০০৮ সালে। এরপরই নিজের সেরা ফর্মে আছেন ক্যাটিচ। টেস্ট ক্যারিয়ারে গড় রান ৪৬.৮৩। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফেরার পর ২৯ টেস্টে ৫৪.৪২ গড়ে তাঁর সংগ্রহ ২৭২১ রান, সেঞ্চুরি রয়েছে আটটি। নিজের পারফরম্যান্সের আলোকেই ক্যাটিচ বলেন, ‘আমি বেশি দূর ভাবছি না। একই সঙ্গে ৩৫ বছর বয়সে ক্যারিয়ারের শেষটাও দেখতে চাই না। কারণ, গত দু-তিনটি বছর আমার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়। বয়স নিয়ে চিন্তা করে ভুল করতে চাই না।’