বয়সটা মনের ব্যাপার: টেন্ডুলকার
একুশ বছর আগে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন অথচ বর্ণময় জগতে প্রবেশ করেছিলেন শচীন টেন্ডুলকার। এরপর থেকে এ ২১ বছরে ব্যাটিং রেকর্ডের প্রায় সবকিছুই দখল করে নিয়েছেন ক্রিকেটের এই ‘ওয়ান্ডার বয়’। এখন শুধু নিজের ক্যারিয়ারই নয়, ক্রিকেট খেলাটিকেই আরও সমৃদ্ধ করার চেষ্টায় নিয়োজিত তিনি।বিশ্ব ক্রিকেটে নিজের সমসাময়িক প্রায় সব ক্রিকেটারেরই বিদায় দেখে ফেলেছেন টেন্ডুলকার। অথচ নিজে এখনো খেলে চলেছেন অবিশ্রান্ত ধারায়। তাঁর খেলায় বয়সের ছাপ পড়া তো দূরের কথা, যত দিন যাচ্ছে, ততই যেন বিধ্বংসী হয়ে উঠছেন তিনি।বয়সটা ৩৭ ছাড়িয়ে গেলেও টেন্ডুলকার নিজে কিন্তু এ বয়স নিয়ে একদমই ভাবতে চান না। গত মঙ্গলবার লন্ডনে ‘দ্য এশিয়ান অ্যাওয়ার্ড’ পুরস্কার গ্রহণ করার পর টেন্ডুলকার বলেছেন, ‘আমি এখন সত্যিই ক্রিকেটটা খুব উপভোগ করছি। আমি জানি না, আর কত দিন খেলাটা চালিয়ে যাব। তবে যত দিন পর্যন্ত এটা উপভোগ করতে পারব, তত দিন পর্যন্ত খেলব। আমার বয়স নিয়ে আমি চিন্তিত নই। বয়সটা মনের ব্যাপার।’বয়সটা যে আসলেই মনের ব্যাপার এবং সেটা যে টেন্ডুলকারের খেলায় কোনো ছাপ ফেলেনি, সেটা স্পষ্টই বোঝা যায় তাঁর সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকালে। এ বছরে টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেছেন ১৪ হাজার রানের মাইলফলক। এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলে অবিশ্বাস্য ৯৭ দশমিক ৬৯ গড়ে করেছেন এক হাজার ২৭০ রান। মাত্র কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরু টেস্টে তাঁর ২১৪ রানের অনবদ্য ইনিংসটি আসলেই ভুলিয়ে দিয়েছিল বয়সের কথা। ২০০২ সালের পর এ বছরই প্রথম আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠে এসেছেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।—পিটিআই