বরখাস্ত অ্যালারডাইস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালারডাইস
অ্যালারডাইস

স্যাম অ্যালারডাইস ভেবেছিলেন, তিনি কথা বলছেন কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে, ইংলিশ ফুটবল বিনিয়োগে যাঁদের ব্যাপক আগ্রহ। অ্যালারডাইসের কাছে এসেছেন পরামর্শ করতে, কীভাবে নিজেদের লাভের জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) দলবদল আইন ভাঙা যায়! কিন্তু অ্যালারডাইস তখনো জানেন না, যাঁদের সঙ্গে কথা বলছেন, তাঁরা আসলে কেউ ব্যবসায়ী নন, টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক!

জানলেন পরশু, যখন ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ তাদের এই গোপন মিশনের আদ্যোপান্ত প্রকাশ করল। গোপন ক্যামেরায় ধারণ করা সেই বৈঠকের ভিডিওতে দেখা গেছে, এফএর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন ইংল্যান্ড কোচ। রাজি হয়েছেন ব্যবসায়ী সেজে আসা ছদ্মবেশী প্রতিবেদকদের অনৈতিক পরামর্শ দিতে। যদিও গত রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এফএ এ নিয়ে কিছু বলেনি। তবে ব্রিটিশ দৈনিক মিরর ও স্কাই স্পোর্টস-এর খবর, এফএ চেয়ারম্যান গ্রেগ ডাইকের সঙ্গে বৈঠকের পর গত রাতেই বরখাস্ত করা হয়েছে ইংল্যান্ড কোচকে।

গত ২২ জুলাই ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অ্যালারডাইস। তাঁর অধীনে মাত্র একটাই ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতে অ্যালারডাইসের দল। স্কাই স্পোর্টস-এর খবর সত্যি হলে দায়িত্ব পাওয়ার মাত্র ৬৭ দিনের মাথায় বরখাস্ত হলেন ৬১ বছর বয়সী এ কোচ।

দলবদলে খেলোয়াড়দের ওপর তৃতীয় পক্ষের প্রভাব বন্ধ করতে ২০০৮ সালে একটি আইন করেছিল এফএ। পরে ২০১৫ সালে যেটি ফিফাও অন্য সব দেশে কার্যকর করার নির্দেশ দেয়। অ্যালারডাইস সেই ছদ্মবেশী প্রতিবেদকদের কাছে দাবি করেছেন, এই আইনটি এড়িয়ে দলবদলের বাজারে লাভবান হওয়ার উপায় তিনি জানেন। এ নিয়ে আরও বিশদ পরামর্শ দিতে চার লাখ পাউন্ডের বিনিময়ে ছদ্মবেশী প্রতিবেদকদের কল্পিত প্রতিষ্ঠানের হংকং ও সিঙ্গাপুর শাখায় সফরেরও সম্মতি দেন ইংল্যান্ড কোচ।

তাঁর পূর্বসূরি রয় হজসনের কড়া সমালোচনাও করেছেন অ্যালারডাইস। বলেছেন, সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগতেন তিনি। হজসনের কণ্ঠ নকল করে তাঁকে ব্যঙ্গও করেছেন। বাজে মন্তব্য করেছেন হজসনের সহকারী গ্যারি নেভিল সম্পর্কেও।  এএফপি, টেলিগ্রাফ।