বরখাস্ত রেডন্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরুতেই খারাপ সংবাদটা পেলেন হ্যারি রেডন্যাপ। কাল ঘুম থেকে উঠেই জানলেন তিনি আর টটেনহামের কোচ নেই। চার বছর দায়িত্ব পালনের পর বরখাস্ত হয়েছেন ৬৫ বছর বয়সী কোচ। ঠিক কী কারণে রেডন্যাপকে বরখাস্ত করা হলো তা জানা যায়নি। ক্লাবের ওয়েবসাইটে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি রেডন্যাপকে তাঁর কাজের জন্য ধন্যবাদ দিয়েছেন। বলেছেন সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তেই নিয়েছেন। চেলসি চ্যাম্পিয়ন হওয়ায় প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েও আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে টটেনহাম। লিগে তৃতীয় হলে আর্সেনালের জায়গায় সুযোগ পেত স্পাররাই। একসময় গানারদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকা দলটি শেষের দিকে এসে পা হড়কায়। ২০০৮ সালে যখন পোর্টসমাউথ থেকে টটেনহামে আসেন রেডন্যাপ দলটি তখন অবনমন এলাকায় ছিল। সেই ক্লাবই এখন শিরোপা লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী। এএফপি।