বরখাস্তের ব্যাখ্যা জানতে আসছেন অলিভার
বাংলাদেশ হকি ফেডারেশন বনাম অলিভার কার্টজ একটা জমজমাট ম্যাচই হতে যাচ্ছে! জার্মান কোচকে পরশু বরখাস্ত করেছে হকি ফেডারেশনের ওয়ার্কিং কমিটি। অলিভার সেই সিদ্ধান্ত না মেনে ঢাকায় আসছেন ১৬ জুন। বরখাস্ত হওয়ার গ্রহণযোগ্য উত্তর না পেলে আন্তর্জাতিক হকি ফেডারেশনে যাওয়ারও হুমকি দিয়েছেন এই কোচ।
২ জুন এশিয়া কাপের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরুর চার দিন পরই অলিভার ঢাকা ছাড়েন। এতে চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে মনে করে হকি ফেডারেশন। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি শেষ হওয়ার কথা আগামী ১৭ ডিসেম্বর। কিন্তু এর অর্ধেক সময় যাওয়ার আগেই তাঁকে বরখাস্ত করা হলো। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের যুক্তি, ‘কোচ বলেছেন তাঁর ভিসার মেয়াদ শেষ। সেটা হলে তিনি আমাদের কাছে আসতে পারতেন। তা না করে গোপনে ঢাকা ছেড়ে চলে যাবেন, এটা মানা যায় না। কোথায় গেছেন, সেটাও আমরা জানি না।’
জাতীয় হকি দলের নির্বাচক আরিফুল হক প্রিন্স বলেছেন ভিন্ন কথা। তাঁর দাবি, ‘হকি ফেডারেশনকে বারবার বললেও তারা কোচের ভিসার মেয়াদ বাড়ায়নি। তাই কোচ ফেডারেশন সভাপতিকে বলে ভিসার মেয়াদ বাড়াতে জার্মানি গেছেন। কোচ বলেছেন, ফেডারেশন তাঁকে বরখাস্ত করার আগে নিয়ম মেনে কারণ দর্শানো নোটিশ দেয়নি। তিনি আইনগত ব্যবস্থা নেবেন।’
এমন চাপানউতোরের মধ্যেই মাওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে কোচবিহীন অনুশীলন। কাল পড়ন্ত বিকেলে দেখা গেল, ৩৩ জন খেলোয়াড় নিয়ে মাত্রই অনুশীলন শেষ করেছেন সহকারী কোচ আলমগীর আলম। সঙ্গে গোলরক্ষক কোচ জাহাঙ্গীর আলম। দুই আলম মিলেই এক সপ্তাহ ধরে চালিয়ে নিচ্ছেন ১২-২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি।
২ জুন শুরু হওয়া ক্যাম্পে ৪৩ জন খেলোয়াড়কে ডাকা হয়েছিল। কিন্তু ফেডারেশনের খেলোয়াড় তালিকা পছন্দ হয়নি অলিভারের। ফেডারেশন জিমি, কৃষ্ণ, রানা, পিন্টু, তাপসদের বাদ দিলেও কোচ তাঁদের রেখেই সভাপতির কাছে ২৫ জনের তালিকা পাঠান জার্মানি থেকে।
সহকারী কোচ আলমগীর আলম বলছেন, ‘কোচ প্রথম দিন আমাকে বলেছিলেন তরুণ খেলোয়াড় অনেক। আমার সুবিধাই হবে। এরপর অনুশীলনে তৃতীয় দিন থেকে তাঁর মন খারাপ ছিল।’
অলিভারের জায়গায় মাহবুব হারুন বা মামুনুর রশিদকে ঈদের পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিতে পারে হকি ফেডারেশন। তার আগে অলিভার এসে ফেডারেশনের সঙ্গে লড়াইটা জমিয়ে দেবেন বলেই মনে হচ্ছে!