বরণ করে নেওয়ার অপেক্ষায়
কলকাতা থেকে বাংলাদেশ বিমানের ৭৩৭ বোয়িং থামল হজরত শাহজালাল বিমানবন্দরে। একে একে নেমে এলেন আর্জেন্টিনার ফুটবলাররা। বোডিং ব্রিজে তাঁদের জন্য ফুলেল অভ্যর্থনার ডালি হাতে বাফুফের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। একটু সামনে এগোতেই দুই পাশে দুই সারি ফুটবলারের মাঝখান দিয়ে হেঁটে এলেন মেসি অ্যান্ড কোং। বাংলাদেশের মাটিতে ততক্ষণে কিছু সময় পার করে দিয়েছেন এই সময়ের ফুটবল মহানায়ক।আজ সকাল ১০টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরের এই দৃশ্যটা আগাম কল্পনা করে নেওয়া যায়। এটি বাফুফে থেকেই জানানো সূচি। ছিমছাম। তেমন কোনো আড়ম্বর নেই। সেটি করতে চাইলেও করা সম্ভব নয়। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য নিরাপত্তার এত কড়াকড়ি।বিমানবন্দরে সংবাদমাধ্যম ‘নিষিদ্ধ’। কর্তৃপক্ষকে বাফুফের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সুযোগটা দেওয়ার জন্য, তাতে কাজ হবে বলে মনে হচ্ছে না। যা দেখার সবই দূর থেকে দেখতে হবে। কাছে যাওয়ায় কল্পনাতীত কড়াকড়ি।বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সারতে তাই বেশি সময় লাগার কথা নয়। বিশৃঙ্খলা হলে অন্য কথা। বাফুফের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা হবে না। কলকাতার ঘটনায় ঢাকার আয়োজকেরা অনেক সতর্ক। কর্মকর্তাদের হাতে থাকবে ফুলের তোড়া। বর্তমান জাতীয় দল এবং গত এক দশকে অবসর নেওয়া প্রথম সারির ৪০ জন ফুটবলার মেসিদের দেবেন রজনীগন্ধা, গোলাপ দিয়ে বানানো মালা। বিমানবন্দর থেকে বেরোনোর আগে হোটেল রূপসী বাংলা থেকে সরবরাহ করা ড্রিংকস, কেক, স্যান্ডউইচ জাতীয় খাবারের ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে বিমানবন্দরের আয়োজনটা বাফুফে কর্মকর্তা সত্যজিৎ দাসের বর্ণনায় এমন, ‘আমরা লালগালিচা সংবর্ধনাই দিচ্ছি।’দুই দল হোটেলেও পাবে ফুলেল সংবর্ধনা। আর্জেন্টিনা রূপসী বাংলায়, নাইজেরিয়া ওয়েস্টিনে। এখানে বাফুফে কর্মকর্তাদের একটা গ্রুপ তো থাকবেন। তবে মূল অভ্যর্থনাটা জানাবেন জাতীয় মহিলা দলের ২০ খেলোয়াড়। ১০ জন ১০ জন দুই হোটেলে ভাগ করে। তাঁরা ফুলের পাপড়ি ছিটাবেন খেলোয়াড়দের মাথায়। এই মেয়েদের গত রাতটা বিনিদ্র কাটার কথা!একই অবস্থা বিমানবন্দরে আর্জেন্টিনাকে স্বাগত জানাতে ‘ভাগ্যবান’ ফুটবলারদেরও। আজ সকালে বাফুফে ভবন থেকে তাঁদের নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে। পরনে কালো প্যান্ট। টি-শার্টের পেছনে বাংলাদেশ লেখা। বুকে লাল-সবুজ পতাকা। তবে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক জুয়েল রানা ও আমিনুলকে নাকি সম্পৃক্ত করা হয়নি। আমিনুলের মুখে আক্ষেপ, ‘আমাকে তো কেউ কিছু জানায়নি।’সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ সে ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। কাল বাফুফে ভবনে হাতের ব্যাগটা খুলে নতুন পোশাক দেখিয়ে বললেন, ‘জীবনে কখনো ভাবিনি মেসিকে এত কাছ থেকে দেখব। চাইব, মেসির সঙ্গে একটু হাত মেলাতে।’নাইজেরিয়া আজ ঠিক কয়টায় ঢাকায় নামবে চূড়ান্ত নয়। ১১টা ২০ অথবা বেলা ১টার পর আসতে পারে। আজ সকালে দুবাই থেকে ঢাকায় ওড়ার আগে এটা জানিয়ে দেবে নাইজেরিয়া টিম ম্যানেজমেন্ট। ঘণ্টায় ঘণ্টায় মেইল পাঠাচ্ছে নাইজেরিয়া। দলের সঙ্গে লোকবলও বেড়ে ৫০ জন ছাড়িয়ে গেছে। আর্জেন্টিনার ৪৭।আর্জেন্টিনার বিশাল বহর হোটেলে ঢুকেই চলে যাবে ‘অন্তরালে’। তবে রুমে যাওয়ার আগে রূপসী বাংলাতেই দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটা সেরে ফেলা হচ্ছে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন। দুপুর ১২টায় হোটেল রূপসী বাংলায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলন। খাওয়া-দাওয়া সব ১১তলায়। বাফুফের আবাসন কমিটির সভাপতি শওকত আলী খান বলছেন, ‘নবম ও ১০তলা পুরোপুরিই লক্ড থাকবে। আর্জেন্টিনা ছাড় আর কেউ-ই ওই দুটি ফ্লোরে থাকতে পারবে না।’কাল দুপুরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের ছয়জন। সঙ্গে ম্যাচের ভারতীয় উদ্যোক্তা সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের দুজন। মূল উদ্যোক্তা বুয়েনস এইরেসের বিপণন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইলেভেনের রিকার্ডো গুতিয়ার আছেন এই দলে। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেছেন তাঁরা। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছেন। এদিনই ঢাকায় চলে এসেছেন নাইজেরিয়া দলেরও দুই কর্মকর্তা। গত রাতে নাইজেরিয়ার একজন খেলোয়াড়ও আসার কথা ছিল।দুই পক্ষের ‘অগ্রবর্তী’ দলের আগমন বাজিয়ে দিয়েছে বাঁশি। আজ মেসিরা ঢাকায় নামলে শব্দটা শোনা যাবে আরও জোরেশোরে।