বরদুলই ট্রফির শিরোপা আবাহনীর
আসামের বরদুলই ট্রফির শিরোপা জিতেছে আবাহনী। নেপালের থ্রি-স্টার ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। এর আগে ২০০৭ সালে বরদুলই ট্রফিতে প্রথম খেলতে গিয়ে সেমিফাইনালে বিদায় নিয়েছিল আবাহনী।দুই মিডফিল্ডার মেহেদি হাসান (উজ্জ্বল) দুটি ও ইমতিয়াজ সুলতান (জিতু) একটি গোল করেছেন। প্রথম মিনিটেই বক্সের ওপর থেকে নেওয়া শটে আবাহনীকে এগিয়ে দেন মেহেদি। ৪০ মিনিটে বক্সের পাঁচ-ছয় গজ সামনে থেকে জিতুর শটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে আবাহনীকে ৩-০ গোলে এগিয়ে দেন মেহেদি। জয়ের নায়ক মেহেদি পেয়েছেন ম্যাচ-সেরার পুরস্কার। সেরা ডিফেন্ডার হয়েছেন আবাহনীর ঘানাইয়ান খেলোয়াড় সামাদ ইউসুফ। ফাইনালে দলের পরাজয় রুখতে না পারলেও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন নেপাল থ্রি-স্টার দলের গোলরক্ষক। দলগত পুরস্কার হিসেবে আবাহনী পেয়েছে এক লাখ রুপি।বিদেশের মাটিতে এটি আবাহনীর তৃতীয় শিরোপা। প্রথমটি ১৯৮৯-৯০ মৌসুমে, কেরালার নাগজি ট্রফি। দ্বিতীয়টি ১৯৯৪ সালে, কলকাতার চার্মস কাপ।আবাহনী দল: জিয়া (হিমেল), সামাদ, নজরুল, মামুন, লিঙ্কন, সিরাজী (কামাল), উজ্জ্বল, প্রাণতোষ, জিতু, ফ্রাঙ্কো, আমিনু (আলফাজ)।