বরফ-দলার ঘায়ে...
সিএসকে সোফিয়া ও লেভস্কি—বুলগেরিয়ার এই শীর্ষ ক্লাব দুটির মধ্যে সম্পর্ক যেন আমাদের পুরোনো দিনের আবাহনী-মোহামেডানের মতো! দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা বহু বছর ধরেই হয়ে আসছে, একবার প্রাণহানির ঘটনাও ঘটেছে। সর্বশেষ সপ্তাহ খানেক আগে এই ‘বুলগেরিয়ান ডার্বি’-তে লেভস্কি-সমর্থকদের হামলার শিকার হয়েছেন সিএসকে কোচ স্তয়চো ম্লাদেনভ। ম্যাচের একপর্যায়ে সমর্থকদের ছোড়া স্নো-বল (বরফ-দলা) গিয়ে আঘাত হানে তাঁর মুখে। সঙ্গে সঙ্গে মাঠের পাশে অ্যাথলেটিকস ট্র্যাকে শুয়ে পড়েন তিনি। পরে ম্লাদেনভই জানিয়েছেন, আঘাতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওদিকে লেভস্কি উল্টো দাবি করেছে, ম্লাদেনভ একজন ভণ্ড এবং তিনি সিনেমা স্টাইলে পড়ে গিয়ে গড়াগড়ি খেয়েছেন! ঘটনার তদন্তে ম্যাচ অফিশিয়ালরা সিএসকে কোচকে মেডিকেল রিপোর্ট দেখাতে বললেও পরশু তিনি সাফ মানা করে দিয়েছেন। কী দরকার ঝামেলা বাড়ানোর! রয়টার্স।