বরিশাল বার্নার্সের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ২ ওভারে দরকার ছিল ১৯ রান। হামিদ হাসানের ১৯তম ওভারেই এল ১৫। ম্যাচ জয়ের বাকি আনুষ্ঠানিকতাও হয়ে গেল আজহার মেহমুদের করা শেষ ওভারের চতুর্থ বলেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট রয়্যালসের কাছে ১ উইকেটে হেরে বিপিএল থেকে কালই বিদায় নিয়েছে বরিশাল বার্নার্স।অস্তিত্ব রক্ষার জন্য এ ম্যাচে জেতার বিকল্প ছিল না বরিশালের। অন্যদিকে, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংসের সঙ্গে শেষ চার আগেই নিশ্চিত ছিল সিলেট রয়্যালসের। বরিশাল তবু ছাড় পেল না। উত্তেজনার ম্যাচে শেষ হাসি সিলেটের এবং তাতে বড় কৃতিত্ব আফগান ব্যাটসম্যান মোহাম্মদ নবীর। হামিদের করা ১৯তম ওভারে তিন বাউন্ডারিসহ ১৫ রান তুলে ব্যবধানটা অতিক্রমযোগ্য করে ফেলেছিলেন তিনিই।দিনের প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে সিলেটের এই জয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকে থাকল দুরন্ত রাজশাহীর। আজ রংপুর রাইডার্স-বরিশাল বার্নার্সের ম্যাচে বরিশাল জিতলে রাজশাহীই চতুর্থ দল হিসেবে উঠবে শেষ চারে। রংপুর জিতলে উঠে যাবে রংপুরই।৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটাই হয়েছিল বাজে। তবে ব্র্যাড হজের পর অলক কাপালির ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৪৫ রানের লক্ষ্য দেয় বরিশাল। ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেছেন অলক। ৩ চার আর ১ ছক্কায় চিগুম্বুরার শেষ ওভারে একাই নিয়েছেন ২২। কিন্তু পল স্টার্লিংয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিম এবং শেষ দিকে নবীর আক্রমণাত্মক ব্যাটিং শোক সাগরে ভাসিয়ে দেয় বরিশালকে।সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৪৪/৯ (ডেনলি ১, হজ ৪৬, শুভাগত ২, মেহমুদ ০, সাব্বির ১৮, মাস্টার্ড ১৮, আলাউদ্দিন ৩, অলক ৩৪*, হামিদ ২, সানি ২০, অপু ০*; মমিনুল ২/১৪, সোহাগ ১/২২, চিগুম্বুরা ১/২৯, বেন ১/৩৩)।সিলেট রয়্যালস: ১৯.৪ ওভারে ১৪৫/৯ (মাসাকাদজা ০, স্টার্লিং ৪২, ইমতিয়াজ ১৩, মুশফিক ৩৪, মমিনুল ১৪, মিলন ১, চিগুম্বুরা ১৯, নবী ১৬*, সোহাগ ০, সোহরাওয়ার্দী ২, বেন ০*; হামিদ ৩/৩১, মেহমুদ ২/১৬, সানি ২/২৮, অপু ১/২৩)। ফল: সিলেট রয়্যালস ১ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: পল স্টার্লিং।