বরিশালকে জেতালেন রাসেল
জয় দিয়েই শেষ পর্যন্ত শততম ম্যাচটাকে উদ্যাপন করলেন জাভেদ ওমর। বরিশালের অধিনায়ককে জয়টা উপহার দিয়েছেন সৈয়দ রাসেল। আগের দিন ব্যাট হাতে করেছিলেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৯১ রান। আর কাল মাত্র ১৩ রানে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ঢাকা বিভাগকে ১০৩ রানে গুটিয়ে দিয়ে ১৫৯ রানে জিতিয়েছেন দলকে। রাসেল উইকেট ৫টি পেয়েছেন ১৬ বলের এক স্পেলে, মাত্র ৪ রান দিয়ে। এবারের লিগে বরিশালের এটাই প্রথম জয়।সিলেটে চট্টগ্রামের বিপক্ষে ১৬৯ রানে জিতে আবারও জাতীয় লিগের শীর্ষে উঠেছে ঢাকা মহানগর। চট্টগ্রামকে ৩৮৬ রানের লক্ষ্য দিয়েছিল মহানগর। তারা করতে পারে ২১৬ রান। অবশ্য চোটের কারণে ব্যাট করতে পারেননি চট্টগ্রামের দুই ব্যাটসম্যান ফয়সাল হোসেন ও ইয়াসিন আরাফাত। চট্টগ্রামের ইনিংসে বলার মতো রান শুধু জাতীয় দলের সাবেক দুই ব্যাটসম্যান আফতাব আহমেদ ও নাজিমউদ্দিনের। দুজনই ফিফটি করেছেন। আগের দিনের ১১৬ রানের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করেই আউট হয়ে যান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবারের লিগে মহানগরের এটা চতুর্থ জয়।বগুড়ায় শেষ দিনে রাজশাহীর প্রয়োজন ছিল ৫৬ রান। হাতে ছিল ৫ উইকেট। সিলেটের বিপক্ষে মাত্র ১১ ওভারেই সেটা তুলে নেয় রাজশাহী। হামিদুল ইসলাম ৬৩ ও জুবায়ের আহমেদ ৪৫ রানে অপরাজিত ছিলেন। ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাজশাহীর পেসার মুক্তার আলী।