বরিশালকে হারের স্বাদ দিল খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচের দুটিতেই হেসে-খেলে জয়। সঙ্গে উদ্বোধনী দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও আহমেদ শেহজাদের ঈর্ষণীয় ব্যাটিং। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বরিশাল বার্নার্স। তবে হাওয়ায় উড়তে থাকা বরিশালকে আজ ৭ উইকেটে হারের তিক্ত স্বাদ ‘উপহার’ দিল সাকিব আল হাসানের দল খুলনা রয়েল বেঙ্গল।বিপিএল টি-টোয়েন্টি প্রতিযোগিতার সপ্তম ম্যাচে আজ টসে হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পাওয়া বরিশাল ইনিংসের শেষ বলে ১২৫ রানে অলআউট হয়। জবাবে ১৭.২ ওভার খেলেই ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে নেয় খুলনা।মামুলি ১২৫ রানের লক্ষ্যে পৌঁছতে খুলনার প্রয়োজন ছিল একটি-দুটি ভালো জুটি। সেই কাজটা বেশ ভালোভাবেই সেরেছে খুলনা। হার্শেল গিবস দলীয় ১১ রানে ফিরে গেলেও চন্দরপল ও জয়াসুরিয়াকে সঙ্গে নিয়ে বরিশালের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন ডুয়াইন স্মিথ। তাঁর মারকুটে ফিফটিই আজ খুলনার জয়ে মূল অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। দলের জয়ে কম অবদান নেই শফিউল ইসলামেরও। তাঁর অতি নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বিপিএলের দুই দুর্দান্ত পারফরমার ক্রিস গেইল ও আহমেদ শেহজাদ ছিলেন বড় অসহায়। তাঁরা দুজনই আউট হন শফিউলের বলে।গতকাল ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে বিপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ম্যাচ-সেরা হওয়ার গৌরব অর্জন করেছিলেন আনামুল হক। অল্পের জন্য ফিফটি পাননি তিনি। আজ খুলনার আরেক সম্ভাবনাময় ক্রিকেটার মমিনুলও আনামুলের পদাঙ্ক অনুসরণ করলেন। উইকেটের চারদিকে শট খেলে ২৪ বলে ৪২ রান করেন তিনি। মমিনুলের এই ইনিংস বরিশালকে বাঁচিয়েছে লজ্জাজনক সংগ্রহ নিয়ে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে।