বরিশালে ফিরছে জাতীয় লিগ
ছয় মৌসুম পর জাতীয় লিগ ফিরছে বরিশালে। আজ বরিশাল বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোর ম্যাচ দিয়েই প্রথম শ্রেণীর ক্রিকেটে পুনরাভিষেক হচ্ছে আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের। ২০০৬ সালের মার্চে চট্টগ্রামের সঙ্গে বরিশালের ম্যাচটিই ছিল এই মাঠে জাতীয় লিগের শেষ ম্যাচ। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল স্বাগতিকেরা। তবে আজ পরিষ্কার ফেবারিট প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া ঢাকা মেট্রো। বরিশাল পাচ্ছে না গত জাতীয় লিগে তাদের সেরা দুই খেলোয়াড় নাসিরউদ্দিন ফারুক ও সোহাগ গাজীকে। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন এই দুজন।আজ চট্টগ্রাম, যশোর ও ফতুল্লায় শুরু হচ্ছে তৃতীয় রাউন্ডের আরও তিনটি ম্যাচ। চট্টগ্রামে আগের দুই ম্যাচেই জয় পাওয়া শীর্ষদল চট্টগ্রাম খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে। যশোরে ঢাকা বিভাগ খুলনার বিপক্ষে এবং ফতুল্লায় নির্বাচনী ডামাডোলের মধ্যে নবাগত রংপুর খেলবে সিলেটের বিপক্ষে।