বরিশালে হকি টুর্নামেন্ট শুরু
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের বরিশাল বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল রোববার শুরু হয়েছে।
গতকাল চারটি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে বরগুনা জিলা স্কুলের খেলায় বরগুনা ২-১ গোলে জয়ী হয়। বরিশালের চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের খেলাটি গোলশূন্য ড্র হয়। পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুলের সঙ্গে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের খেলায় সেমিনারি স্কুল ৩-০ গোলে জয়ী হয়। শেষ খেলায় পটুয়াখালীর জুবিলী উচ্চবিদ্যালয় ভোলার দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে।
সকাল সাড়ে ১০টায় নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম। এ সময় পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান, গণমাধ্যম ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আমিনুল ইসলাম, হকি উপপরিষদের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।