বরিশালের অনায়াস জয়
খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ৮ উইকেটের এক সহজ জয় পেয়েছে বরিশাল বার্নার্স। বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনার বেঁধে দেওয়া ১৪৩ রান তাড়া করতে নেমেছিল গতবারের রানার্সআপ বরিশাল। প্রথম ম্যাচে সিলেট রয়্যালসের বিপক্ষে হেরে গেলেও আজ ব্র্যাড হজের উপস্থিতিতে আত্মবিশ্বাসী জয়ই তুলে নিয়েছে বরিশাল। নয় বল হাতে রেখেই ১৪৩ রান তুলে নেয় বরিশাল।মোটামুটি নাগালের মধ্যে থাকা লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে বরিশাল। উদ্বোধনী জুটিতেই ৭৮ রান যোগ করে দলকে অনায়াস জয়ের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার ফিল মাস্টার্ড ও ব্র্যাড হজ। নবম ওভারে এই জুটি ভাঙেন ডলার মাহমুদ। ৩৫ রান করে ফিরে যান মাস্টার্ড। দলীয় ১০১ রানের মাথায় আউট হন ব্র্যাড হজ। এর আগে অবশ্য তিনি ৫৩ রানের এক অধিনায়কোচিত ইনিংস খেলে বরিশালকে প্রথম জয়ের পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন। বাকি রানটুকু আর কোন উইকেট না হারিয়েই তুলে ফেলেন জো ডেনলি ও আজহার মেহমুদ। ডেনলি ৩০ ও আজহার মাহমুদ ২৫ রান করে দলকে নিয়ে জয়ের বন্দরে ভেড়েন।