বরিশালের চার রানের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বার্নার্সের ব্যাটসম্যানরা যখন ২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছিলেন, তখন হয়তো কেউই ভাবতে পারেননি যে, খেলাটা এত হাড্ডাহাড্ডি লড়াইয়ে হবে। কিন্তু শেষপর্যন্ত সেটাই হয়েছে। ২১৩ রানের বিশাল সংগ্রহ সত্ত্বেও মাত্র ৪ রানের ঘামঝরানো জয় পেয়েছে দুরন্ত রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২০৯ রানে শেষ হয় বরিশালের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসটি এসেছে আজহার মেহমুদের ব্যাট থেকে।বরিশাল বার্নার্সের আজকের ইনিংসটা জয়ের জন্য পুরো দলেরই সমন্বিত প্রচেষ্টার এক দারুণ নিদর্শন। একমাত্র ফিল মুস্টার্ড ছাড়া বরিশালের প্রতিটি ব্যাটসম্যানই দলকে জেতানোর লড়াইয়ে সাধ্যমতো অবদান রাখার চেষ্টা করেছেন। চতুর্থ ওভারের প্রথম বলে মাত্র ৭ রান করে ফিরে যান মুস্টার্ড। এরপর ব্রাড হজের ২৩, সাব্বির রহমানের ২৮, জো ডেনলির ৩১ ও আজহার মেহমুদের ২৮ বলে ৫৪ রানের ইনিংসে ভর করে যেন অসম্ভবকেই সম্ভব করতে চলেছিল বরিশাল বার্নার্স। ১৮তম ওভারে আজহার মেহমুদ যখন সাজঘরে ফেরেন তখন বরিশালের সংগ্রহ ছিল ১৭২ রান। পাকিস্তানি এই অলরাউন্ডার যদি শেষপর্যন্ত উইকেটে থাকতে পারতেন, তাহলে হয়তো খেলার ফলাফলটা অন্যরকমও হতে পারত। তারপরও শেষপর্যায়ে শফিউল ইসলামের ১৩ বলে ২৫ রানের ইনিংসটিতে ভর করে জয়ের প্রায় দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল বরিশাল। কিন্তু শেষপর্যন্ত ২০৯ রানেরই থেমে যায় বরিশালের ইনিংস। ৪ রানের জয় পায় রাজশাহী।